বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩, আহত ৬

বিশেষ প্রতিনিধি, বগুড়া

বগুড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলায় দুর্ঘটনা দুটি ঘটে।

প্রথম দুর্ঘটনাটি ঘটে বগুড়া সদরের ঠেঙ্গামারা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে। পাঁচ যাত্রী একটি সিএনজিচালিত অটোরিকশায় করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। হাসপাতালের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন এবং আহত হন আরও তিনজন।

নিহত ব্যক্তিরা হলেন, বগুড়ার কাহালু উপজেলার রামপুর এলাকার শফিকুল ইসলাম (৪৫) ও আরাফাত (১৬)। আহত তিনজনের পরিচয় জানা যায়নি। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইচ উদ্দিন বলেন, দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। অটোরিকশাটিকে ধাক্কা দেওয়া বাসটি শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে শফিকুল ইসলাম ও আরাফাতের মরদেহ অ্যাম্বুলেন্সে করে স্বজনেরা বাড়ি নিয়ে যাচ্ছিলেন। পথে শাজাহানপুর উপজেলার রানীরহাট এলাকায় অজ্ঞাতনামা একটি গাড়ি লাশবাহী অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা খাদিজা খাতুন (৫২) নিহত হন।

খাদিজা বগুড়া সদরের বানদিঘী-ইসবপুর গ্রামের মৃত নুরুজ্জামান মণ্ডলের স্ত্রী। এ ঘটনায় তার ছেলে শাহ পরান (২৮), পুত্রবধূ জুই আক্তার (২২) ও তিন বছরের নাতি সাব্বির আহত হয়েছে। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, খাদিজার মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights