বন্যহাতি ফের লোকালয়ে, বনে ফেরানোর চেষ্টা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ ও পায়ে আঘাতপ্রাপ্ত বন্যহাতিটি আবারও বন থেকে লোকালয়ে এসে একটি বসতঘরে ঢুকে পড়েছে। গতকাল সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া গ্রামের একটি বসতঘরে হাতিটি ঢুকে পড়লে বন বিভাগ, এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) ও স্থানীয় লোকজন সেটিকে বনে ফেরানোর চেষ্টা চালান।

বাহারছড়া ইআরটি দলের সভাপতি হাবিব হোসেন জানান, হাতিটির পেছনের ডান পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এটিই ১৮ নভেম্বর বন বিভাগের পক্ষ থেকে চিকিৎসা দেওয়া সেই গুলিবিদ্ধ হাতি কি না খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, ‘আমরা হাতিটিকে কোনো ধরনের ক্ষতি ছাড়াই নিরাপদে গহিন বনে ফেরত পাঠানোর চেষ্টা করছি। এজন্য সাধারণ মানুষকে হাতিটির কাছাকাছি না যাওয়ার ও বিরক্ত না করার অনুরোধ জানাচ্ছি। বিষয়টি ইতোমধ্যে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।’

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘হাতিটি ওই বাড়িতে অবস্থান করলে লোকজন আগুন জ্বালিয়ে ভয় দেখায় এবং ঢিল ছুড়ে সেটিকে বনে ফেরানোর চেষ্টা করে। তবে আঘাতপ্রাপ্ত হাতিটি তার ডান পা স্বাভাবিকভাবে মাটিতে রাখতে পারছে না। কোনোরকমে ধীরে ধীরে বনের কাছাকাছি চলে যায়। এ সময় বন বিভাগ ও ইআরটি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে হাতিটিকে বনে ফেরানোর চেষ্টা চালান। তবে এখনো হাতিটি পুরোপুরি বনে প্রবেশ করেনি। ঘুরেফিরে বনের কাছাকাছি অবস্থান করছে। হাতিটি দেখতে সেখানে শত শত উৎসুক মানুষ ভিড় করছেন।’

শীলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘আঘাতপ্রাপ্ত হাতিটি পুনরায় লোকালয়ে চলে আসায় আমরা নিরাপদে বনে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছি। এর আগে হাতিটির শরীরে আটটি গুলির চিহ্ন পাওয়া গিয়েছিল। সে সময় চিকিৎসা দেওয়া হয়। হাতিটির বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights