বাইকের বেপরোয়া গতিতে ঝরছে তরুণদের প্রাণ
আবদুর রহমান টুলু, বগুড়া
মহাসড়কে কখনো সাপের মতো আঁকাবাঁকা পথে মোটরসাইকেল চালানো, কখনো পাল্লা দিয়ে ওভারটেক, আবার কখনো বেপরোয়া গতিতে ছুটে চলা। তারুণ্যের এই উন্মাদনা যে একটি মৃত্যুফাঁদ-তা অনেকেই বুঝতে পারছে না। এমন পরিস্থিতিতে বগুড়ার সড়কগুলোতে বাড়ছে মৃত্যুর মিছিল। চলতি বছরের প্রথম ১০ মাসে জেলার ১৩ উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৩৪ জন। নিহত ব্যক্তিদের প্রায় অর্ধেকই মোটরসাইকেল আরোহী। যাদের বড় একটি অংশ কিশোর, তরুণ ও শিক্ষার্থী। ২০২৫ সালেও সড়কে প্রাণ গেছে ১২০ জনের। সব মিলিয়ে ২২ মাসে ঝরেছে ২৫৪ প্রাণ। জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বগুড়া জেলার বিভিন্ন উপজেলায় এসব প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল আরোহীদের মধ্যে বেপরোয়া গতিতে চলাচল, ঝুঁকিপূর্ণভাবে ওভারটেক এবং সড়কে প্রতিযোগিতার প্রবণতা মৃত্যুর অন্যতম কারণ হিসেবে সামনে এসেছে। গত ২৯ অক্টোবর বিকালেও বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে প্রাণ হারান দয়াল চন্দ্র নামের এক তরুণ মোটরসাইকেলচালক। বগুড়া সদরের ঘোড়াধাপ বাজারের কাছে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী গুরুতর আহত হন।
সরেজমিন দেখা গেছে, শহরের প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি ও মহাসড়কগুলোতে একদল তরুণ নিয়ন্ত্রণহীন গতিতে মোটরসাইকেল চালাচ্ছে। ফাঁকা রাস্তা পেলেই গতির প্রতিযোগিতা, ঝুঁকিপূর্ণ স্টান্টবাজি, লেন অমান্য করে ওভারটেকিং এবং উল্টো পথে চলার মতো ঘটনা এখন নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই চালক ও আরোহীর মাথায় মানসম্মত হেলমেট বা প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী থাকছে না।
সড়ক নিরাপত্তা সংশ্লিষ্টরা বলছেন, দুর্ঘটনার পেছনে অন্যতম বড় কারণ হলো অপ্রাপ্তবয়স্ক ও ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকদের হাতে মোটরসাইকেল তুলে দেওয়া। পর্যাপ্ত প্রশিক্ষণ ও ট্রাফিক আইন সম্পর্কে জ্ঞান না থাকায় তারা সামান্য পরিস্থিতিতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। এ ছাড়া অনেক অভিভাবক সন্তানের আবদার মেটাতে বয়স ও দক্ষতা যাচাই না করেই উচ্চ সিসির মোটরসাইকেল কিনে দিচ্ছেন, যা বিপদ আরও বাড়িয়ে তুলছে।
সড়ক বিশেষজ্ঞদের মতে, শুধু জরিমানা দিয়ে এই প্রবণতা থামানো সম্ভব নয়; এর জন্য প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ, পারিবারিক নজরদারি এবং তরুণদের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরি করা।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সবার ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন। গণমাধ্যম, সুধীসমাজ, বিভিন্ন সামাজিক সংগঠন, এনজিও, ছাত্রসমাজ, যাত্রী, চালক ও পথচারীসহ সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে গণসচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই। মানুষের মধ্যে সচেতনতা তৈরি হলে দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
বগুড়া সদর ট্রাফিক বিভাগের ইনচার্জ টিআই (প্রশাসন) মো. সালেকুজ্জামান খান বলেন, ত্রুটিপূর্ণ ও ফিটনেসবিহীন যানবাহন, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, বাস ও ট্রাকে অতিরিক্ত যাত্রী ও পণ্য পরিবহন, ট্রাফিক আইন অমান্য, চালকদের অদক্ষতা ও অসতর্কতা এবং পথচারীদের অসচেতনতা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। পাশাপাশি জনসচেতনতা বাড়ানো গেলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
