বার্সার জয়ের পরও রেফারিং নিয়ে ক্ষোভ ফ্লিকের
অনলাইন ডেস্ক
ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। শুরুতে দুই গোল হজম করলেও দারুণভাবে ঘুরে দাঁড়ায় কাতালানরা, যদিও ম্যাচজুড়ে রেফারির কিছু সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন কোচ হ্যান্সি ফ্লিক।
ম্যাচ শেষে কথা বলার সময় ফ্লিক বিশেষভাবে ফের্মিন লোপেজের লাল কার্ড এবং লামিনে ইয়ামালের ওপর হওয়া ফাউলগুলোর প্রসঙ্গ তুলে ধরেন। পাশাপাশি দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে এরিক গার্সিয়া ও জোয়াও কানসেলোর ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।
দ্বিতীয়ার্ধের শেষ দিকে রেফারি ফের্মিন লোপেজকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন, যদিও টিভি সম্প্রচারে সেই ঘটনাটি দেখানো হয়নি। ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সেলোনার দ্বিতীয় গোলটি করার পর ৬৮তম মিনিটে দানি ওলমোকে জায়গা করে দিয়ে মাঠ ছেড়েছিলেন ফের্মিন।
অ্যান্থনি গর্ডনকে ফাউল করার পরও রেফারি বার্সেলোনাকে পেনাল্টি না দেওয়ায় প্রতিবাদ জানাতে গিয়ে লাল কার্ড দেখেন ফের্মিন। এরপর এই লাল কার্ডের বিষয়ে রেফারি আলেহান্দ্রো হোসে হার্নান্দেজ হার্নান্দেজের মুখোমুখি হয়ে ব্যাখ্যা দাবি করেন ফ্লিক। প্রতিবাদ জানানোর কারণে জার্মান এই কোচকেও হলুদ কার্ড দেখান ম্যাচ কর্মকর্তা।
মিডফিল্ডার ফের্মিন লাল কার্ড দেখার পরের কয়েক মিনিটেই পুরো ঘটনাটি ঘটে, যখন টেকনিক্যাল এরিয়া থেকে সবকিছু দেখছিলেন ফ্লিক।
রেফারি লোপেজের সঙ্গে যেভাবে আচরণ করেছেন তাতে মোটেও খুশি নন বার্সেলোনা কোচ; বরং ইঙ্গিত দিয়েছেন যে এই রেফারির সঙ্গে তাঁর তিক্ত অভিজ্ঞতা আজকের নয়, অনেক পুরনো। ফ্লিক বলেন, ‘এই রেফারির ক্ষেত্রে সব সময় একই ঘটনা ঘটে।’
ফের্মিন ও রেফারির মধ্যে ঠিক কী কথা হয়েছিল তা তিনি জানেন না বলে স্বীকার করেন ফ্লিক, কারণ মিডফিল্ডার কী বলেছিলেন তা তিনি শুনতে পাননি। তবে তার দাবি, ম্যাচ কর্মকর্তা কেবল বার্সেলোনার বেঞ্চের দিকেই তাকিয়ে ছিলেন। কোন অপরাধে তার খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়েছে তা জানতে ফ্লিক এগিয়ে গেলে উল্টো তাকেও একটি হলুদ কার্ড দেখানো হয়।
তবে ফ্লিকের অভিযোগ শুধু ফের্মিনেই থেমে থাকেনি। ফ্লিকের মতে, লামিনে ইয়ামাল বেশ কয়েকবার স্পষ্ট ফাউলের শিকার হলেও রেফারি তা এড়িয়ে গিয়ে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।
তবুও তিনি তার খেলোয়াড়দের রেফারিংয়ের সিদ্ধান্ত মেনে নিতে, এসব নিয়ে পড়ে না থেকে মাঠে নিজেদের উন্নতির দিকে মনোযোগ দিতে বলেছেন। তার মতে, দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সই অনুসরণ করার মতো আদর্শ।
