বিকল্প রুটে রূপপুর পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান
পাবনা প্রতিনিধি
নিরাপত্তার স্বার্থে দেশের ইতিহাসে প্রথমবারের মতো বিকল্প রুট ব্যবহার করে পদ্মা সেতু হয়ে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের পঞ্চম চালান। দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আনা এই পারমাণবিক জ্বালানির বহরটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, ফরিদপুর, রাজবাড়ী ও কুষ্টিয়া হয়ে সফলভাবে প্রকল্প এলাকায় এসে পৌঁছায়। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ নিরাপত্তা বলয়ে ইউরেনিয়ামবাহী বিশেষায়িত তিনটি লরি রূপপুর প্রকল্পে প্রবেশ করে। পাবনার রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ কে. বি. এম. রুহুল কুদ্দুস পারমাণবিক জ্বালানি পৌঁছানোর তথ্য নিশ্চিত করে জানান, গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন ও মহাসড়কের অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে ইউরেনিয়াম পরিবহনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়। ফলে নিয়মিত রুটের পরিবর্তে এবারই প্রথম বিকল্প পথে পারমাণবিক জ্বালানির পরিবহন নিশ্চিত করা হয়েছে। প্রকল্প সূত্র জানায়, পূর্ব নির্ধারিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও যমুনা সেতুর পরিবর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা বহরটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অতিক্রম করে। এরপর পদ্মা সেতু, ফরিদপুরের ভাঙ্গা, রাজবাড়ী, কুষ্টিয়া এবং পাকশীর লালন শাহ সেতু পার হয়ে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করে। এই চালানের মাধ্যমে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের অতিরিক্ত দুটি এবং দ্বিতীয় ইউনিটের তিনটিসহ মোট পাঁচটি ইউরেনিয়াম চালান সফলভাবে দেশে এসে পৌঁছাল। এর আগে সব চালানই ঢাকার বিমানবন্দর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, বঙ্গবন্ধু সেতু, নাটোরের বনপাড়া ও পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া হয়ে রূপপুরে নেওয়া হতো।
