বিটকয়েনে বিলিয়ন ডলারের ধরা খেয়েছে ট্রাম্প পরিবার

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর পরিবার বিটকয়েনে বড় বিনিয়োগ করে প্রায় এক বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছেন। ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, এক বছরে একাধিক ভুল সিদ্ধান্ত ও বাজারের অস্থিরতার কারণে এই ক্ষতি হয়েছে।

ট্রাম্পের দুই ছেলে, এরিক ট্রাম্প ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের নেতৃত্বে পরিবারটি ক্রিপ্টোকারেন্সিতে বড় ধরনের বিনিয়োগে ঝুঁকে পড়ে। তারা ধারণা করেছিলেন, ২০২৫ সালের মে মাসে প্রায় ১ লাখ ৮ হাজার ডলারে থাকা বিটকয়েনের দাম বছর শেষে আরও ৫০ শতাংশ বৃদ্ধি পাবে।

এই প্রত্যাশার ভিত্তিতে তারা ‘ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ’-এর প্রায় ১.৪ বিলিয়ন ডলারের শেয়ার এবং ১ বিলিয়ন ডলারের কনভার্টিবল বন্ড বিক্রি করে সেই অর্থ বিটকয়েনে বিনিয়োগ করেন।

প্রাথমিক সময়ে বাজার তাদের পক্ষে থাকলেও ২০২৫ সালের নভেম্বর মাসে বিটকয়েনের দাম হঠাৎ ৮২ হাজার ডলারের নিচে নেমে আসে। ফলে ট্রাম্প মিডিয়ার ক্রিপ্টো সম্পদের মূল্য ২.৪ বিলিয়ন ডলার থেকে কমে ১.৮ বিলিয়ন ডলারে দাঁড়ায়। ২০২৬ সালের জানুয়ারি মাসে সুদের হার অপরিবর্তিত রাখার ঘোষণা দেয়ার পর সম্পদের মূল্য আরও কমে প্রায় ১.৭ বিলিয়ন ডলারে পৌঁছায়। বর্তমানে বিটকয়েনের দাম প্রায় ৭১ হাজার ডলারে ঘোরাফেরা করায় কোম্পানিটির বিনিয়োগ মূল্য আরও কমে প্রায় ১.৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

ফলস্বরূপ, শুরুতে বিনিয়োগের তুলনায় প্রায় এক বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। পাশাপাশি অতিরিক্ত মূল্যবৃদ্ধির প্রত্যাশার কারণে ট্রাম্পের ব্যক্তিগত অংশীদারিত্ব থেকেও প্রায় ১.৬ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে।

কোম্পানির মুখপাত্র শ্যানন ডিভাইন জানিয়েছেন, বিটকয়েনে বিনিয়োগ দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ এবং স্বল্পমেয়াদি বাজার ওঠানামার ভিত্তিতে তা মূল্যায়ন করা উচিত নয়।

সূত্রঃ ফোর্বস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights