ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ শুরু
ক্রীড়া প্রতিবেদক
শব্দই যেখানে বল, আর কানই যার চোখ-দৃষ্টিপ্রতিবন্ধীদের ক্রিকেটের সেই রোমাঞ্চকর মঞ্চে শুরুতেই ধাক্কা খেল স্বাগতিক বাংলাদেশ। ঘরের মাঠে অনুষ্ঠিত ‘দ্বিতীয় এশিয়া কাপ ক্রিকেট টি-২০ ফর দ্য ব্লাইন্ড ২০২৬’-এর উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের কাছে ১২৬ রানের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট শুরু করেছে লাল-সবুজের দল। সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের স্পন্সরে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। দুই ওপেনার তালহা ইকবাল ও বদর মুনিরের ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২৪৪ রানের পাহাড়সম সংগ্রহ গড়ে সফরকারীরা। তালহা ৩৩ বলে ৬৮ এবং অপরাজিত বদর মুনির ৪২ বলে ৮২ রানের অনবদ্য ইনিংস খেলেন। বাংলাদেশের পক্ষে আবিদ হাসান রাব্বি দুটি উইকেট শিকার করেন। জবাবে ২৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই পথ হারায় স্বাগতিকরা। পাকিস্তানি বোলারদের নিখুঁত বোলিংয়ের মুখে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৭.১ ওভারে মাত্র ১১৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন ওপেনার মো. সালমান। বল হাতে পাকিস্তানের কামরান আখতার ৩টি এবং ব্যাট-বলের জাদুকর বদর মুনির নেন ২ উইকেট। ব্যাট ও বল উভয় বিভাগে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচসেরার পুরস্কার জেতেন পাকিস্তানের বদর মুনির।
অপর ম্যাচে দারুণ জয় দিয়ে যাত্রা শুরু করেছে ভারত। শ্রীলঙ্কাকে ১৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টিম ইন্ডিয়া। ভারতের জয়ে বড় অবদান রেখেছেন ওপেনার দুন্না ভেঙ্কটেশ্বররাও। তার সেঞ্চুরিতে বড় সংগ্রহ গড়ার পর বোলারদের দাপটে সহজ জয় পায় ভারত। ১৭ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ২৪১ রান করে তারা। দুন্না ৫০ বলে ১০০ রানের ইনিংসটি খেলেন ১৬ চারের সাহায্যে। এ ছাড়া সঞ্জয় কুমার শাহ ৪৬, দীপক ৩১ ও বাদানায়ক ২২ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপে শুরু থেকেই ধুঁকতে থাকে শ্রীলঙ্কা। মাত্র ৮ রানেই দুই ওপেনার অ্যান্টনি ভিনসলি (১) ও জয়ান্থা আমারাসিংহেকে (১) হারায় তারা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। প্রবুদ্ধ পিয়ুমাল ১৪ ও ডি পেরেরা অপরাজিত ১৪ রান করেন। নির্ধারিত ১৭ ওভারে ৬ উইকেটে ৬২ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা। তাদের ইনিংসে সর্বোচ্চ ২৬ রান এসেছে অতিরিক্ত থেকে। ভারতের হয়ে আর সিং ২ ওভারে মাত্র ৫ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। ডি তোমপাকি ও এন বাদানায়ক নেন একটি করে উইকেট। দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন দুন্না ভেঙ্কটেশ্বররাও।
