ভারতের অভিজাত হোটেলের সুইমিংপুলে দুই বিদেশির মৃত্যু ঘিরে চাঞ্চল্য

অনলাইন ডেস্ক

ভারতের বেঙ্গালুরুর একটি পাঁচ তারকা হোটেলে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় দুই বিদেশি নাগরিকের মারা গেছেন। ঘটনাটি ঘটে শহরের অভিজাত কনরাড হোটেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় হোটেলের তিন তলায় অবস্থিত সুইমিং পুলে নেমেছিলেন কয়েকজন অতিথি। সাঁতার কেটে পুল থেকে ওঠার সময় আকস্মিকভাবেই বৈদ্যুতিক শর্ট সার্কিটের শিকার হন তারা। এ সময় গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন জার্মান বিমানসংস্থা লুফথানসার কর্মী আলেক্সান্ডার থেসিস
এবং বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম-এর প্রজেক্ট ম্যানেজার জুরাজ হোরভাট।

ঘটনার আকস্মিকতায় তাঁদের বাঁচানোর জন্য পুলে ঝাঁপ দেন এক মার্কিন নাগরিক এবং হোটেলের এক কর্মী। কিন্তু শেষ রক্ষা হয়নি। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাঁদের দ্রুত মনিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন।

বর্তমানে আহত মার্কিন অতিথি ও স্থানীয় হোটেল কর্মী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তাঁদের অবস্থা আশঙ্কামুক্ত। এদিকে, নিহতের পরিবারের পক্ষ থেকে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম অবহেলার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গোটা ঘটনাটির পেছনে প্রকৃত কারণ কী ছিল, তা খতিয়ে দেখতে জোর তদন্ত শুরু করেছে বেঙ্গালুরু পুলিশ। অন্যদিকে এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে হোটেল কনরাড কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁরা প্রশাসনিক তদন্তে সব ধরনের সহায়তা প্রদান করছেন এবং ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে আইনশৃঙ্খলা বাহিনীকে পূর্ণ সহযোগিতা করছেন।

দুর্ঘটনার পর পরই হোটেল কর্তৃপক্ষ সুইমিং পুলটি এক মাসের জন্য রক্ষণাবেক্ষণের অজুহাতে বন্ধ ঘোষণা করেছে। অভিজাত এই ৫ তারকা হোটেলে যেখানে প্রতি রাতের সর্বনিম্ন ভাড়া প্রায় ২৫ হাজার টাকা, সেখানে এমন নিরাপত্তাহীনতার ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights