ভাষাসৈনিক অধ্যাপক অজিত কুমার গুহকে স্মরণ
কুমিল্লা প্রতিনিধি
ভাষাসৈনিক ও শিক্ষাবিদ অধ্যাপক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবস উপলক্ষে কুমিল্লায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে এ সভায় তার শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে অবদান এবং মানবকল্যাণে ভূমিকা নিয়ে আলোচনা করেন বক্তারা।
তারা বলেন, কিছু মানুষ অমরত্ব লাভ করেছেন মানবতার কল্যাণে কাজ করে। কারণ তারা আত্মকেন্দ্রিক চিন্তা বাদ দিয়ে গোটা জগৎ নিয়েই ভেবেছেন। সে আলোকেই স্ব-স্ব ক্ষেত্রে কঠোর পরিশ্রম করে কীর্তিমান হয়েছেন। এমনই একজন নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব ছিলেন ভাষা সৈনিক অধ্যাপক অজিত কুমার গুহ। বিশেষ করে শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে বৈপ্লবিক ধারার প্রবর্তন করেছেন তিনি।
বক্তারা আরো বলেন, তার মৃত্যুর পর শুভাকাঙ্ক্ষীরা কুমিল্লায় তার নামে প্রতিষ্ঠা করেন ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়। যা কুমিল্লা অঞ্চলে প্রায় পাঁচ দশক ধরে আলো ছড়াচ্ছে। এখানের শিক্ষার্থীরা দেশ-বিদেশে উচ্চকিত করছে কুমিল্লার নাম। শুধু তাই নয় অজিত গুহের সম্পত্তিও ব্যবহৃত হচ্ছে শিক্ষা ও মানবকল্যাণে।
সভায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক সহকারী অধ্যাপক তাসলিমা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো. মোস্তাক আহমদ।
মুখ্য আলোচক ছিলেন সহকারী অধ্যাপক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মলি ধর ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. কামরুর রশীদ। সঞ্চালনা করেন শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আবু জাহেদ।
এ সময় অন্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
