ভূমধ্যসাগরে নৌকাডুবি: সুনামগঞ্জে মানবপাচারের দুই মামলায় ৯ আসামি
সুনামগঞ্জ প্রতিনিধি
ইউরোপে নেওয়ার কথা বলে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় সুনামগঞ্জে মানবপাচারে জড়িতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। দিরাই ও জগন্নাথপুর থানায় দায়ের করা মামলায় মোট ৯ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার দিরাই থানায় মামলাটি দায়ের করেছেন নৌকাডুবিতে নিহত সোহানুর রহমান এহিয়ার (২১)-এর পিতা ছালিকুর রহমান। নিহতের বাড়ি দিরাই উপজেলার জগদল ইউনিয়নের বাসুরি গ্রামে। মামলায় দুই প্রবাসীসহ ৪ জনকে আসামি করা হয়েছে।
অপরদিকে, জগন্নাথপুর থানায় মামলাটি দায়ের করেছেন নৌকাডুবিতে নিহত আমিনুর রহমান (৩০)-এর পিতা মো. হাবিবুর রহমান। তার বাড়ি জগন্নাথপুর উপজেলার পাইগাঁও ইউনিয়নের দক্ষিণ পাইলগাঁও গ্রামে। ওই মামলায় আরও পাঁচ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা হয়নি। তবে মামলায় লিবিয়া ও ইতালি প্রবাসীসহ দেশে অবস্থানরত মানবপাচারকারীদের নাম উল্লেখ করা হয়েছে।
সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেন, মানবপাচারের সঙ্গে কারা জড়িত, এ বিষয়ে আমাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। সাম্প্রতিক নৌকাডুবিতে ১৮ জনের মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে কথা বলে আমরা আরও তথ্য সংগ্রহ করেছি। সিআইডির সিরিয়াস ক্রাইম ইউনিটের সঙ্গে পরামর্শ করে আমরা দিরাই ও জগন্নাথপুর থানায় পৃথক দুটি মামলা নিয়েছি। পুলিশের টিম সক্রিয়ভাবে কাজ করছে এবং আমরা আশা করি জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে।
উল্লেখ্য, আফ্রিকা মহাদেশের লিবিয়া থেকে অবৈধভাবে সাগরপথে ইউরোপ যাওয়ার সময় নৌকাডুবিতে ১৮ বাংলাদেশি নিহত হন। তাদের মধ্যে ১২ জনের বাড়ি সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায়।
