ভেঙে ফেলা হলো ঋত্বিকের পৈতৃক ভিটার দেয়াল
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের রাজশাহীর পৈতৃক বসতভিটার একটি ঘরের দেয়াল ভেঙে ফেলা হয়েছে। দেয়ালঘেঁষে থাকা একটি বটগাছও কেটে ফেলা হয়েছে। মঙ্গলবার বিকালে নগরীর ঘোড়ামারা মহল্লার মিঞাপাড়ায় গিয়ে এ দৃশ্য দেখা যায়।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সংস্কৃতিকর্মী ও ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সদস্যরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংরক্ষণের দাবি জানিয়ে আসা ঐতিহাসিক এই বসতভিটা পরিকল্পিতভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা চলছে। প্রতিবাদে গতকাল সকালে তারা সংবাদ সম্মেলন করেছেন। সরেজমিন দেখা যায়, যে ঘরের দেয়াল ভাঙা হয়েছে, সেখানে আগে ঋত্বিক ঘটকের ৯৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছিল। ঘরের দেয়ালে আঁকা ছিল তাঁর প্রতিকৃতি ও নির্মিত চলচ্চিত্রের নাম। চলতি বছরের ৪ নভেম্বর এখানেই ঋত্বিক ঘটকের ১০১তম জন্মবার্ষিকী পালন করা হয়। ভিটায় কাজ করা নির্মাণশ্রমিক গোলাম মোস্তফা বলেন, সকালে তারা সেখানে কাজ করতে আসেন। দেয়ালের ভিতরে ঢুকে যাওয়া গাছের শিকড় ও ডালপালা কাটার পাশাপাশি পুরোনো দেয়াল ভাঙা ও আগাছা পরিষ্কারের কাজ করেছেন। তিনি বলেন, ‘আমরা তো জানতাম না। দৈনিক মজুরিতে কাজ করতে এসেছি। পরে শুনেছি, এটা ভাঙা যাবে না। কিন্তু কর্তৃপক্ষ আমাদের টাকা দিয়ে রেখেছে, এ জন্য কাজ করছি।’
২০২৪ সালের পর তিন-চারবার বসতভিটাটি ভাঙার চেষ্টা করা হয়েছে দাবি করে সংস্কৃতিকর্মী হাসিবুল হাসনাত বলেন, প্রথমে বড় যন্ত্রপাতি দিয়ে বাড়ির বড় অংশ গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর শ্রমিক ও মিস্ত্রি দিয়ে ধীরে ধীরে অবশিষ্ট অংশ ভাঙার চেষ্টা চলছে। তারা চান, জায়গাটি সংরক্ষণ করা হোক।
