ঝিনাইদহ-যশোর ছয় লেন প্রকল্প নিয়ে অনিশ্চয়তা

শেখ রুহুল আমিন, ঝিনাইদহ

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়নে ৪ হাজার ১৮৭ কোটি টাকা ব্যয়ে শুরু হওয়া ঝিনাইদহ-যশোর মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প এখন অনিশ্চয়তার মুখে। ছয় বছর পার হতে চললেও কাজের অগ্রগতি মাত্র ১২ শতাংশ। এরই মধ্যে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬২৬ কোটি টাকা। সব মিলিয়ে জমি অধিগ্রহণে অনিয়ম ও ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতিতে ছয় লেন প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কবে বাস্তবায়িত হবে, এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। অন্যদিকে সড়কের খানাখন্দে চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ২০২০ সালের ২৪ নভেম্বর একনেক সভায় ওয়েস্টার্ন ইকোনমিক করিডর (উইকেয়ার) ফেজ-১ প্রকল্পের আওতায় যশোরের চাঁচড়া চেকপোস্ট থেকে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল পর্যন্ত ৪৭ দশমিক ৪৮ কিলোমিটার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের আওতায় চার লেনের মূল সড়ক, দুটি সার্ভিস লেন, চারটি বড় সেতু, ৫৫টি কালভার্ট, ফ্লাইওভারসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পের জন্য প্রায় ৩০৪ একর জমি অধিগ্রহণের কথা থাকলেও এখনো পুরো জমি বুঝে পায়নি সড়ক ও জনপথ অধিদপ্তর। এর মধ্যে ঝিনাইদহ অংশে জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ উঠেছে। কোথাও বাজারমূল্যের তুলনায় কম, আবার কোথাও জমি ও স্থাপনার অতিমূল্যায়ন করা হয়েছে বলে তদন্তে উঠে এসেছে। ২০২৬ সালের ৪ জানুয়ারি জেলা প্রশাসনের কাছে জমা দেওয়া এক তদন্ত প্রতিবেদনে অন্তত ৩৬টি জমি ও স্থাপনার অতিমূল্যায়নের অভিযোগ উল্লেখ করা হয়। বারবাজার, রঘুনাথপুর, আমবাগান, দুলালমুন্দিয়া ও মল্লিকনগর এলাকায় জমির অস্বাভাবিক কম মূল্য নির্ধারণের তথ্যও উঠে আসে। এসব অনিয়মে সরকারের শতকোটি টাকা ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, কালীগঞ্জ এলাকায় প্রায় ৪৫ শতাংশ এবং ঝিনাইদহ সদর এলাকায় ৫০ শতাংশ জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুবীর কুমার দাশ জানান, তিন সপ্তাহের মধ্যে অধিগ্রহণের অগ্রগতি ৬০ শতাংশ ছাড়িয়ে যাবে। এ কাজে জেলা প্রশাসনের কোনো গাফিলতি নেই। তবে প্রকল্পের লট-১-এর উপবিভাগীয় প্রকৌশলী নিলন আলী জানান, জমি অধিগ্রহণে ধীরগতির কারণে কাজ শুরু করতে বিলম্ব হয়েছে। প্রকল্পের ধীরগতিতে অসস্তোষ প্রকাশ করেছেন বিশ্বব্যাংকের কর্মকর্তারাও। গত ১৯ জুলাই তাঁরা প্রকল্প এলাকা পরিদর্শন করেন। আগামী ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে সংশয় রয়েছে। মেয়াদ বাড়ানোর বিষয়ে বিশ্বব্যাংকের পরবর্তী সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। এদিকে ভোমরা, বেনাপোল ও মোংলা বন্দরের পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ এই মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে এবং বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। পরিবহনমালিক ওসমান গণি বলেন, ঠিকাদারদের গাফিলতিতে সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, চরম ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন, প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে জেলা প্রশাসন কাজ করছে। ক্ষতিগ্রস্ত জমির মালিকদের পর্যায়ক্রমে ক্ষতিপূরণের চেক দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights