পঞ্চগড়ে বাড়ছে শীতের দাপট, তাপমাত্রা নামল ১২.৫ ডিগ্রিতে

অনলাইন ডেস্ক

উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের দাপট বাড়ছে। দুইদিনের ব্যবধানে জেলার তাপমাত্রা আরও কমেছে। বৃহস্পতিবার সকাল ৬টায় পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ। এর ফলে সকালে কুয়াশার দেখা মেলেনি। তবে রাত থেকে চলমান থাকা পাহাড়ি হিম বাতাস সকল পর্যন্ত অনুভূত হচ্ছে।

এর আগে, বুধবার পঞ্চগড়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। একই দিন সকাল ৯টায় ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

সরেজমিনে দেখা গেছে, রাত থেকে পরদিন সকাল পর্যন্ত উত্তরের এ জনপদে অনুভূত হচ্ছে শীত। এ সময়টিতে মানুষের স্বাভাবিক চলাচলে প্রভাব পড়েছে। মানুষকে গরম কাপড় জড়িয়ে ঘরের বাইরে বের হতে দেখা গেছে। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ, কৃষক, দিনমজুর ও নিম্নআয়ের মানুষ পড়েছেন কিছুটা ভোগান্তিতে।

সকাল ৭টার মধ্যেই সূর্যের মুখ দেখা যায়। তাই কাজের প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষকে সূর্যের আলোয় খানিকটা উষ্ণতা নিতে দেখা গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, গত কয়েক দিন ধরেই পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ওঠানামা করছে। গেল এক সপ্তাহের বেশি সময় ধরে ১৫ থেকে ১৭ ডিগ্রির ঘরে তাপমাত্রা রেকর্ড করা হলেও, আজ সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রিতে নেমে এসেছে। আগামীতে তাপমাত্রা আরও কমে গিয়ে শীতের অনুভূতি বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights