ভোরে গৌরীপুর বাজারে আগুনে পুড়ল ২০ দোকান

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে আগুনে পুড়ে গেছে ২০টি দোকান। মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় ঢাকা-হোমনা সড়কের পূর্ব পাশে বাজারের কাঠপট্টিতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৪ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

ভুক্তভোগী ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোর সাড়ে ৪টার দিকে একটি ফার্নিচারের দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আশেপাশের কয়েকটি ফার্নিচারের দোকান ও গলিতে ছড়িয়ে পড়ে। দাউদকান্দি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরে হোমনা ও চান্দিনা থেকে আরও ৬টি ইউনিট এসে দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে ১০টি ফার্নিচারের দোকান, একটা ইলেকট্রিক ও এসির শো রুম, দুইটি অটোরিকশা গ্যারেজ ও গোডাউনসহ অন্তত ২০টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

আগুনে প্রায় ৪ কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে ধারণা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

ফার্নিচার ব্যবসায়ী আমির হোসেন জানান, আগুনে আমাদের সব শেষ হয়ে গেছে। ফার্নিচার মার্কেটের সব দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের দোকানগুলোতে ৪ থেকে ৫ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

এ বিষয়ে কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ইদ্রিস বলেন, দাউদকান্দি, হোমনা ও চান্দিনা উপজেলার ৯টি ফায়ার সার্ভিস ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। তবে কোথা থেকে আগুনের সূত্রপাত এবং কত টাকা ক্ষতি হয়েছে এখনই কিছু বলা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights