মহাসড়কে ট্রাক পার্কিং, ঠাকুরগাঁওয়ে বাড়ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে ব্যস্ত মহাসড়কের ওপর সারি সারি ট্রাক পার্কিং করে রাখায় যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। কোথাও দীর্ঘ সময় ট্রাক দাঁড় করিয়ে রাখা হচ্ছে, আবার কোথাও মহাসড়কের পাশে থাকা মেরামতের দোকানে কাজ করাতে ট্রাক তুলে রাখা হচ্ছে সড়কের ওপর। এতে সংকুচিত হয়ে পড়ছে যান চলাচলের জায়গা। ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও পথচারীরা।
ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে বিআরটিসি কাউন্টার হয়ে সদর উপজেলা পরিষদ পর্যন্ত মহাসড়কের দুই পাশে বিভিন্ন যানবাহন যত্রতত্র পার্কিং করে রাখা হচ্ছে। বিশেষ করে ট্রাক দীর্ঘ সময় সড়কে রাখায় বিপরীত দিক থেকে যানবাহন এলে যানজট তৈরি হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের পাশে থাকা মেরামতের দোকানগুলোতেও সড়কের ওপর ট্রাক রেখে কাজ করা হয়। এতে মহাসড়কের একটি অংশ দীর্ঘ সময় দখল হয়ে থাকে।
মোটরসাইকেল চালক নাহিদ বলেন, মহাসড়কের ওপর ট্রাক রাখায় চলাচলের জায়গা সংকুচিত হয়ে যায়। দুই দিক থেকে গাড়ি এলে মোটরসাইকেল নিয়ে পাশ দিয়ে যেতেও ঝুঁকি তৈরি হয়। এতে যানজটের পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও থাকে।
পথচারী সুমন ইসলাম বলেন, সড়কের ওপর ট্রাক রাখা ও মেরামতের কাজ করায় চলাচলে সমস্যা হয়। প্রশাসন কয়েকবার ব্যবস্থা নেওয়ার কথা বললেও আবার একইভাবে ট্রাক রাখা হচ্ছে। এ সমস্যার স্থায়ী সমাধান দরকার।
জেলা ট্রাক, ট্যাংকলরি-কাভার্ড ভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ভুট্ট মিয়া বলেন, সড়ক যানজটমুক্ত রাখতে তারা কাজ করছেন। তবে কিছু স্থানীয় গাড়ির মালিক নির্দেশনা না মানায় এ ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে।
ঠাকুরগাঁও পৌরসভার প্রশাসক সরদার মোস্তফা শাহিন বলেন, সড়কের ওপর যত্রতত্র গাড়ি পার্কিং করে চলাচলে বাধা সৃষ্টি করা বেআইনি। অবৈধভাবে যানবাহন রাখার বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
যানজট কমানো ও দুর্ঘটনা এড়াতে সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় ২০১৭ সালে ৩০ হাজার বর্গফুট জায়গায় ট্রাক টার্মিনাল নির্মাণ করা হয়। মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে স্থাপিত ওই টার্মিনাল চালু হওয়ার পরও মহাসড়কের ওপর ট্রাক পার্কিং ও মেরামতের কাজ বন্ধ হয়নি। ফলে সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
