মাথায় আঘাত পেয়ে হাসপাতালে নিউজিল্যান্ডের ওপেনার কনওয়ে
অনলাইন ডেস্ক
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই একের পর এক ধাক্কা সামলাতে হচ্ছে নিউ জিল্যান্ডকে। চোটের কারণে আগেই দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার মার্ক চ্যাপম্যান ও রাচিন রবীন্দ্রকে হারিয়েছে দলটি। এবার অনুশীলনে সতীর্থের সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে যেতে হয়েছে ওপেনার ডেভন কনওয়েকে। পরীক্ষায় আঘাতজনিত সমস্যা ধরা পড়ায় ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলতে পারবেন না এই বাঁহাতি ব্যাটার। খবর ক্রিকইনফোর।
মঙ্গলবার (৩ নভেম্বর) অকল্যান্ডের ইডেন পার্কে অনুশীলন করছিল নিউ জিল্যান্ড। এ সময় ক্যাচ ধরতে গিয়ে সতীর্থ পেসার ম্যাট হেনরির সঙ্গে ধাক্কা লাগে কনওয়ের। দুজনই মাটিতে পড়ে গেলে দ্রুত এগিয়ে আসেন দলের চিকিৎসকেরা। প্রাথমিক চিকিৎসা শেষে কনওয়েকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর আঘাতের বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকেরা।
হেনরির অবস্থাও পর্যবেক্ষণে রেখেছে নিউ জিল্যান্ড ক্রিকেট। তবে কনকাশন পরীক্ষা শেষে তাঁকে সুস্থ মনে হয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক মিচেল স্যান্টনার।
কনওয়ের অনুপস্থিতিতে উইকেটকিপার-ব্যাটার টিম সাইফার্টকে খেলানোর ইঙ্গিত দিয়েছেন স্যান্টনার। শুরুতে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য বিবেচনায় রাখা হলেও সোমবার তাঁকে পুরো ওয়ানডে সিরিজের দলে অন্তর্ভুক্ত করা হয়। কনওয়ে ছিটকে যাওয়ায় প্রথম ম্যাচেই একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সাইফার্টের।
সদ্য শেষ হওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের কাছে ৩-২ ব্যবধানে হেরেছে নিউ জিল্যান্ড। তবে সিরিজের শেষ দুটি ম্যাচ জিতে কিছুটা আত্মবিশ্বাস নিয়ে ওয়ানডে লড়াইয়ে নামছে কিউইরা।
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি আগামীকাল অকল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে ভারত ও নিউ জিল্যান্ডের ম্যাচ।
