মামলা নেই, তবু গ্রেফতার ডরিন, পরিবারের অভিযোগ হয়রানির

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ভারতে নিহত ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে ডিবির ওয়ারী বিভাগের একটি দল তাকে গ্রেফতার করে। তবে কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মুনতারিন ফেরদৌস ডরিন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা। তিনি কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রীবিষয়ক সম্পাদক ছিলেন। স্থানীয় রাজনৈতিক সূত্রের দাবি, উপজেলা ছাত্রলীগে আনুষ্ঠানিক পদ-পদবি না থাকলেও আওয়ামী লীগ সরকারের পতনের আগে প্রায় তিন থেকে চার বছর সংগঠনটির রাজনীতিতে অবাধ নেতৃত্ব ছিল।

তার বাবা প্রয়াত আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনের তিনবারের সংসদ সদস্য এবং কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। ডরিন বর্তমানে রাজধানীর লালমাটিয়া এলাকায় বসবাস করছিলেন।

ডরিনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা এনামুল হক ইমান। তিনি বলেন, তার বিরুদ্ধে কোনো মামলা নেই। আমার পরিবারকে হয়রানি করতেই ডরিনকে আটক করা হয়েছে।

এদিকে ডরিনের গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১০ নম্বর কাষ্টভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আইয়ুব হাসান খাঁন।

ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করা হলে প্রতিক্রিয়ায় তিনি জানান, ডরিনের বাবা আনোয়ারুল আজীম আনার তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। দীর্ঘদিন একসঙ্গে রাজনীতি করেছেন তারা। ডরিনের স্বামী কারাগারে রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, বাবাকে হারানোর পর মেয়েটির পাশে দাঁড়ানোর মতো অভিভাবকও নেই। রাতে ঢাকার লালমাটিয়া থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করেছে বলে তিনি জানতে পেরেছেন।

আইয়ুব হাসান খাঁন বলেন, কোনো মামলা ছাড়াই ডরিনকে গ্রেফতারের ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত। কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েও প্রতিবাদ জানিয়েছি।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, ডরিন ঢাকায় আটক হয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে তিনি জানতে পেরেছেন। ঢাকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে। তবে কী অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights