মিরসরাইয়ে পুলিশের টহল ভ্যানে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাটে পুলিশের টহল ভ্যানে বাসের ধাক্কায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার ভোর পাঁচটার দিকে চিনকী আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানায়, ভোরে হাইওয়ে পুলিশের সদস্যরা ভ্যান নিয়ে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে টহল দেওয়ার সময় পেছন থেকে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস ভ্যানে ধাক্কা দেয়। এসময় ভ্যানে থাকা ছয় পুলিশ সদস্য আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে চারজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন, দুইজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি রাকিবুল হাসান বলেন, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনার বিষয়টি আরও তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
