মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যান নিহত
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় শহিদুল ইসলাম মৃধা (৬০) নামে এক সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শিবচর পৌর বাজারের কাঠপট্টি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম মৃধা উপজেলার বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে হেঁটে শিবচর বাজারের দিকে যাচ্ছিলেন শহিদুল ইসলাম। পথে সড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাঁর মৃত্যুতে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী শোক প্রকাশ করে বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে আমার বাড়ির একটি অনুষ্ঠানে এসেছিল শহিদ। আমার বাসায় একসঙ্গে দুপুরের খাবার খেয়েছি। ওর আকস্মিক মৃত্যু মেনে নেওয়ার মতো নয়। ভালো মানুষ ছিল। তার মৃত্যুতে আমরা ভীষণভাবে শোকাহত। এমন মৃত্যু কাম্য নয়।’
শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান বলেন, ‘দুপুরে একসঙ্গে খেয়েছি। সন্ধ্যায় মোটরসাইকেলের ধাক্কায় মারা গেলেন শহিদুল ইসলাম। শোক জানানোর ভাষা নেই আমাদের।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
