‘ম্যায় হুঁ না ২’ আসছে? ফারাহর রহস্যময় জবাব ঘিরে নতুন জল্পনা
অনলাইন ডেস্ক
২০০৪ সালে মুক্তি পেয়েছিল ফারাহ খান পরিচালিত ‘ম্যায় হুঁ না’। শাহরুখ খান, সুস্মিতা সেন, জায়েদ খান ও অমৃতা রাও অভিনীত সিনেমাটি মুক্তির সময় যেমন দর্শকের মন জয় করেছিল, দুই দশক পরও এর জনপ্রিয়তায় ভাটা পড়েনি। এবার সেই সিনেমার সিক্যুয়াল নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।
সম্প্রতি অভিনেতা অর্জুন কাপুর হোটেলের একটি কক্ষে বসে ‘ম্যায় হুঁ না’ দেখছিলেন। সিনেমাটির একটি দৃশ্য ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে তিনি লেখেন, ‘অলটাইম ফেভারিট।’ এরপর পরিচালক ফারাহ খানকে ট্যাগ করে সিক্যুয়াল তৈরির আবদারও জানান অর্জুন।
তিনি লেখেন, ‘উই নিড আ সিক্যুয়াল অ্যাসাপ।’
অর্জুনের পোস্টের জবাবে ফারাহ খান লেখেন, ‘যদি কোনও কিছু অন্তর থেকে চাও… অর্জুন কাপুর, অনেক ভালোবাসি।’ ফারাহর এই মন্তব্যের পরই সিক্যুয়াল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
কারণ তাঁর উত্তরের সঙ্গে অনেকেই ফারাহ পরিচালিত আরেক সিনেমা ‘ওম শান্তি ওম’-এর বহুল আলোচিত সংলাপের মিল খুঁজে পেয়েছেন। সেখানে বলা হয়েছিল, ‘কেহতে হ্যায়, আগার কিসি চিজ কো দিল সে চাহো, তো পুরি কায়ানত উসসে তুমসে মিলানে কি কোশিশ মে লাগ যাতে হ্যায়।’
ফলে ফারাহর মন্তব্যকে নিছক মজার উত্তর হিসেবে না দেখে সম্ভাব্য সিক্যুয়ালের ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। বিশেষ করে শাহরুখ খানের ভক্তদের মধ্যে এ নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
‘ম্যায় হুঁ না’ ছিল পরিচালক হিসেবে ফারাহ খানের অভিষেক। সিনেমাটি বক্স অফিসে সাফল্যের পাশাপাশি এর গান, সংলাপ ও চরিত্রের কারণে দর্শকের কাছে জনপ্রিয় হয়ে ওঠে।
তবে এখন পর্যন্ত ‘ম্যায় হুঁ না’র দ্বিতীয় কিস্তি তৈরির বিষয়ে ফারাহ খান বা সংশ্লিষ্ট কেউ আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তাই অর্জুনের আবদারের জবাবে ফারাহর রহস্যময় মন্তব্য সত্যিই নতুন সিনেমার ইঙ্গিত কি না, নাকি নিছক ভক্তের আবেগে সাড়া, তা এখনো স্পষ্ট নয়। তবে তাঁর একটি মন্তব্যেই দুই দশক পর আবারও আলোচনায় এসেছে ‘ম্যায় হুঁ না’।
