যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট বিপর্যয়, পরিবহনমন্ত্রীকে বরখাস্তের দাবি

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফির পদত্যাগ দাবি করেছেন নিউইয়র্কের ডেমোক্র্যাট গভর্নর ক্যাথি হোকুল। তিনি পদত্যাগ না করলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ডাফিকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) এক বিবৃতিতে ক্যাথি হোকুল এ দাবি জানান। শুক্রবার যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট বন্ধ থাকার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেন তিনি।

গভর্নর বলেন, ‘দীর্ঘস্থায়ী এয়ার ট্রাফিক কন্ট্রোলার সংকট থেকে শুরু করে বারবার যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটা— শন ডাফির দায়িত্বকালে আমাদের বিমান চলাচল ব্যবস্থায় গুরুতর ত্রুটি একটি নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে। এসব কিছুর মধ্যেও তিনি নিজ সংস্থার সংকট সমাধানের চেয়ে নিজের রিয়েলিটি শো-তে অভিনয় করার দিকেই বেশি মনোযোগ দিয়েছেন।’

ক্যাথি হোকুল শুক্রবারের ফ্লাইট বন্ধের পেছনের পরিস্থিতি খতিয়ে দেখতে কংগ্রেসের প্রতি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করার আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

শুক্রবারের ফ্লাইট বিপর্যয়ে যুক্তরাষ্ট্রজুড়ে ৮ হাজার ৫০০-এর বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং প্রায় ৮ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে হাজার হাজার যাত্রী ভোগান্তির শিকার। শুক্রবারের জটিলতা কাটিয়ে বিমান চলাচল স্বাভাবিক হতে বেশ কয়েকদিন সময় লাগতে পারে। শন ডাফি গতকালকের বিরল দেশব্যাপী বিমান চলাচল স্থগিতাদেশের জন্য পুরনো এয়ার ট্রাফিক কন্ট্রোল প্রযুক্তি এবং অতিরিক্ত ডেটার চাপে অচল হয়ে পড়া রাউটারগুলোকে দায়ী করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights