যুক্তরাষ্ট্রের সতর্কবার্তার পর মস্কোয় হামলার পরিকল্পনায় কিশোর আটক

অনলাইন ডেস্ক

রাশিয়ার রাজধানী মস্কোর একটি জনপ্রিয় পার্কে হামলার পরিকল্পনার সন্দেহে এক কিশোরকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। যুক্তরাষ্ট্রের কাছ থেকে সতর্কবার্তা পাওয়ার পর তাকে আটক করা হয়। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এফএসবির বরাতে এ তথ্য জানিয়েছে।

রোববার ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে বলা হয়, আটক কিশোর রাশিয়ার নাগরিক। এফএসবির দাবি, সে টিকটকে মুখোশ ও সামরিক পোশাক পরা অবস্থায় কয়েকটি ছবি প্রকাশ করেছিল। ছবিতে তার হাতে অস্ত্রও দেখা যায়।

কিশোরটির পরিচয় প্রকাশ করা হয়নি। সে মস্কোর দক্ষিণাঞ্চলে অবস্থিত সারিৎসিনো জাদুঘর প্রাঙ্গণের কয়েকটি ছবিও পোস্ট করেছিল। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘একটি জায়গা খুঁজে পেয়েছি।’

এফএসবি জানিয়েছে, কিশোরটির বাড়িতে তল্লাশি চালিয়ে ছবিতে দেখা পোশাক ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তার মুঠোফোন পরীক্ষা করে সন্ত্রাসী হামলা ও ব্যাপক হত্যাকাণ্ডসংক্রান্ত বিভিন্ন বিষয় খোঁজার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া সে টেলিগ্রামে একটি নব্য-নাৎসি চ্যানেল অনুসরণ করত।

এর আগে শনিবার মস্কোয় যুক্তরাষ্ট্রের দূতাবাস নিরাপত্তা সতর্কতা জারি করে। এতে সারিৎসিনো জাদুঘর প্রাঙ্গণে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে বলে জানানো হয়। প্রাসাদ ও বিশাল উদ্যান নিয়ে গড়ে ওঠা এই স্থাপনাটি মস্কোর অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র।

যুক্তরাষ্ট্রের দূতাবাস লোকজনকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়। পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় রুশ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করার কথাও জানায়। সতর্কবার্তার পর শনিবার সাময়িকভাবে পার্কটি বন্ধ করে দেওয়া হয়।

এফএসবি এক বিবৃতিতে তথ্য সরবরাহ করায় যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, আটক কিশোরের বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে, তা বিবেচনা করছে তদন্ত কমিটি।

এর আগেও সম্ভাব্য হামলার বিষয়ে রাশিয়াকে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র। ২০২৪ সালের মার্চে মস্কোর একটি কনসার্ট হলে হামলার কয়েক সপ্তাহ আগে ওয়াশিংটন এমন সতর্কবার্তা দিয়েছিল। ওই হামলায় ১৪০ জনের বেশি মানুষ নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights