যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট, চরম দুর্ভোগে যাত্রীরা
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে বিপর্যয়ের প্রভাব দ্বিতীয় দিনেও কাটেনি। শুক্রবার দেশজুড়ে কয়েক ঘণ্টার জন্য উড়োজাহাজের উড্ডয়ন বন্ধ থাকার পর শনিবারও ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। পাশাপাশি হাজার হাজার ফ্লাইটের সময়সূচিতে দেখা দিয়েছে বিপর্যয়। এতে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী।
এমন পরিস্থিতিতে দেশটির পুরোনো বিমান নিয়ন্ত্রণব্যবস্থা আধুনিকায়নে ৫ হাজার কোটি মার্কিন ডলারের জরুরি বিনিয়োগের প্রয়োজন বলে জানিয়েছেন পরিবহনমন্ত্রী শন ডাফি।
শনিবার প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ৫ হাজার ৩০০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। বিলম্বিত হয়েছে প্রায় ৬ হাজার ৩০০টি ফ্লাইট। এর আগের দিন শুক্রবার বাতিল হয়েছিল প্রায় ৯ হাজার ২০০টি ফ্লাইট। উড্ডয়ন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। ফলে অনেক যাত্রী নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি। কেউ হারিয়েছেন সংযোগকারী ফ্লাইট, আবার কাউকে নতুন করে ভ্রমণের সময়সূচি নির্ধারণ করতে হচ্ছে।
শুক্রবার রাতে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে পরিবহনমন্ত্রী শন ডাফি বলেন, যুক্তরাষ্ট্রের বিমান নিয়ন্ত্রণব্যবস্থার বড় একটি অংশ এখনো কয়েক দশক আগের প্রযুক্তির ওপর নির্ভরশীল। পুরোনো যোগাযোগব্যবস্থা, জরাজীর্ণ নিয়ন্ত্রণ টাওয়ার, রাডার ও সফটওয়্যারসহ বিভিন্ন অবকাঠামো আধুনিকায়ন করা জরুরি। কোনো কোনো স্থাপনায় ছাদ দিয়ে পানি পড়া, শীতাতপনিয়ন্ত্রণ ও লিফটের মতো মৌলিক সুবিধারও সমস্যা রয়েছে।
ডাফি বলেন, এসব সমস্যা সমাধান করে পুরো বিমান নিয়ন্ত্রণব্যবস্থাকে আধুনিক করতে প্রায় ৫০ বিলিয়ন বা ৫ হাজার কোটি ডলার প্রয়োজন। এর আগে এ খাতে প্রশাসনের প্রস্তাবিত ব্যয়ের পরিমাণ ছিল ৩০ দশমিক ১ বিলিয়ন ডলার। তবে নতুন করে নির্ধারিত পুরো অর্থ এখনো কংগ্রেসের অনুমোদন পায়নি।
এদিকে বিমান চলাচলে বিপর্যয়ের কারণ সম্পর্কেও নতুন তথ্য জানিয়েছে মার্কিন পরিবহন বিভাগ। কর্মকর্তাদের ধারণা, পুরোনো তামার তারের পরিবর্তে ফাইবার অপটিক সংযোগ স্থাপনের কাজ চলার সময় একটি রাউটার থেকে অস্বাভাবিক হারে সংযোগের অনুরোধ তৈরি হয়। প্রতি চার থেকে পাঁচ সেকেন্ডে এক হাজারের বেশি অনুরোধের চাপ অন্য রাউটারগুলোতেও ছড়িয়ে পড়ে। এতে বিমান নিয়ন্ত্রণকেন্দ্রগুলোর যোগাযোগ ও রাডারের তথ্য আদান-প্রদানে বিঘ্ন ঘটে।
ঠিকাদারি প্রতিষ্ঠান এলথ্রি হ্যারিসের কাজ চলার সময় এ সমস্যা দেখা দেয়। তবে যন্ত্রের ত্রুটি, নাকি কাজের সময় কোনো ভুলের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত এ ঘটনায় সাইবার হামলা কিংবা নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা।
যোগাযোগব্যবস্থা সচল হলেও ফ্লাইটের জট কাটতে সময় লাগছে। কারণ, কয়েক ঘণ্টার অচলাবস্থায় উড়োজাহাজগুলো নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে পারেনি। এতে উড়োজাহাজ ও কর্মীদের অবস্থান এলোমেলো হয়ে যায়। একটি উড়োজাহাজ দিনে একাধিক ফ্লাইট পরিচালনা করায় একটি যাত্রা বাতিলের প্রভাব পরবর্তী ফ্লাইটগুলোর ওপরও পড়ছে।
নিউইয়র্কের জন এফ কেনেডি, লাগার্ডিয়া এবং নিউ জার্সির নিউয়ার্ক বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য বিকল্প ফ্লাইটে আসন সংরক্ষণ, ভ্রমণের তারিখ পরিবর্তন এবং নিয়ম অনুযায়ী অর্থ ফেরতের ব্যবস্থা করছে বিভিন্ন বিমান সংস্থা। তবে নতুন ফ্লাইটে আসন পাওয়া নির্ভর করছে সংশ্লিষ্ট সংস্থার সক্ষমতার ওপর।
গত শুক্রবার বিকেল ৩টা ৩৬ মিনিটের দিকে বিমান চলাচলের যোগাযোগ নেটওয়ার্কে সমস্যা শনাক্ত হয়। এতে যুক্তরাষ্ট্রের ২২টি আঞ্চলিক বিমান নিয়ন্ত্রণকেন্দ্রের যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। যাত্রী ও উড়োজাহাজের নিরাপত্তার কথা বিবেচনা করে দেশজুড়ে উড্ডয়ন বন্ধের নির্দেশ দেয় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। এ সময় নতুন কোনো উড়োজাহাজকে উড্ডয়নের অনুমতি দেওয়া হয়নি। তবে আকাশে থাকা উড়োজাহাজগুলো নিরাপদে অবতরণ করে। পরে শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
এফএএর প্রশাসক ব্রায়ান বেডফোর্ড আশা প্রকাশ করেছেন, রবিবার দিনের শেষ নাগাদ বিমান চলাচলের সময়সূচি অনেকটাই স্বাভাবিক হয়ে আসতে পারে। তবে আপাতত যুক্তরাষ্ট্রের আকাশসীমা খোলা থাকলেও বাতিল ও বিলম্বিত ফ্লাইটের কারণে যাত্রীদের দুর্ভোগ অব্যাহত রয়েছে।
সূত্র: সিএনএন
