রংপুরে কোটা আন্দোলনে গ্রেফতার ৮ শিক্ষার্থীর জামিন

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতার হওয়া ৮ শিক্ষার্থীকে জামিনে মুক্তি দিয়েছেন আদালত। শুক্রবার রাতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শিক্ষার্থীদের জামিন আবেদন করা হলে বিচারক এফএম আহসানুল হক তাদের জামিন মঞ্জুর করেন।

এরপর রাত সাড়ে ১১টার দিকে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে শিক্ষার্থীরা মুক্তি পেয়ে বাড়ি ফিরে যায়।

জামিনপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন-নগরীর পশ্চিম বাবুখাঁর মঞ্জিল হোসেনের ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, পুরাতন ট্রাকস্ট্যান্ডের জাহাঙ্গীর আলমের ছেলে মহিন (১৯), হাজিরহাট অভিরাম সুকানচৌকির ফারুক মিয়ার ছেলে আমির হামজা ওরফে আমির, কামাল কাছনার আবু তাহেরের ছেলে তৌফিক ওমর ধ্রুব (১৭), আশরতপুর এলাকার আব্দুল মালেকের ছেলে পাভেল মিয়া (১৭), হারাগাছের নিউ জুম্মাপাড়ার বিটুল মিয়ার ছেলে আল মারজান (২০), বেনুঘাট ময়নাকুটির হামিদুল ইসলামের ছেলে নিয়াজ আহম্মেদ রকি এবং কাউনিয়ার বাওয়াটারীর রবিউল ইসলামের ছেলে সৌরভ মিয়া।
জামিন পাওয়া শিক্ষার্থী আল মারজান বলেন, হারাগাছ থানার পেছনে আমার বাড়ি। আন্দোলনের সময় আমি রাস্তায় একবার গিয়েছিলাম। পুলিশের কাছে নাকি আমার ভিডিও ফুটেজ ছিল। রাত ৪টার দিকে পুলিশ আমার বাড়িতে এসে বলে থানায় যেতে হবে, এসআইয়ের সাথে কথা বলে আমি বাড়ি ফিরতে পারবো। আমি থানায় গেলে তারা আমাকে জেলে পাঠিয়ে দেয়।

জামিন পাওয়া আরেক শিক্ষার্থী মুহিন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে ডিসির মোড়, পার্কের মোড়ে আন্দোলন করছিলাম। এরপর রাতে আমি আপুর বাসায় গিয়েছিলাম। সেখান থেকে রাত ১২টার সময় আমাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে আসে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামীম আল মামুন বলেন, সরকারি উদ্যোগে লিগ্যাল এইডের সহযোগিতায় বিশেষ আদালত ৮ শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছে। আদালত চলমান এইচএসসি পরীক্ষা ও শিক্ষার্থী বিবেচনায় তাদের জামিন দিয়েছে।

শিক্ষার্থীদের আইনজীবী অ্যাডভোটেক জোবাইদুল ইসলাম বলেন, যাদের গ্রেফতার করা হচ্ছে তারা শিশু। পুলিশ নিরাপরাধ ছেলেদের গ্রেফতার করছে, হত্যা করছে। আমরা এর প্রতিবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights