রংপুরে দুদকের অভিযানে দুই কর্মকর্তার কোটি টাকার সম্পদ ক্রোক

নিজস্ব প্রতিবেদক রংপুর

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলায় রংপুরে এক পুলিশ কর্মকর্তার তিনতলা বাড়ি এবং পলিটেকনিকের সাবেক ইন্সট্রাকটরের বাড়ি ও মার্কেটসহ এক একর জমি ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার বিকালে আদালতের নির্দেশে এ সম্পদ জব্দ করে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, বর্তমানে দিনাজপুর জেলার পার্বতীপুরে চাকরিরত পুলিশের উপপরিদর্শক (এসআই) দুলাল হোসেন রংপুর নগরীর নিউ জুম্মাপাড়ায় তিনতলা বাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করছেন। তিনি বাড়ির একাংশ ভাড়াও দিয়েছেন। তার বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। ওই পুলিশ কর্মকর্তাকে একাধিকবার সম্পদ অর্জনের উৎস জানতে চেয়েছিল দুদক। কিন্তু তিনি ওই বাড়ি নির্মাণের অর্থের উৎসসহ প্রয়োজনীয় তথ্য দিতে পারেননি।

অপরদিকে, একই এলাকায় অবস্থিত আবু হেনা আশিকুর রহমান নামে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ইন্সট্রাকটরের বিরুদ্ধে এক একরের বেশি জমিতে মার্কেট, বাড়িসহ অন্যান্য স্থাপনা নির্মাণ করার অভিযোগ রয়েছে। তিনি প্রায় ৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে।

এই দুজনের সম্পদ যাতে অন্য কারও কাছে হস্তান্তর করতে না পারেন সে জন্য রংপুরের বিশেষ জজ আদালতে ক্রোক করার আবেদন করে দুদক। আদালত তাদের সম্পদ ক্রোক করার আদেশ দিলে দুলাল হোসেন ও আবু হেনা আশিকুর রহমানের স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক করে সাইনবোর্ড ঝুলিয়ে দেয় দুদকের বিশেষ টিম।

রংপুর দুদকের উপসহকারী পরিচালক জয়ন্ত সাহা বলেন, ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগে তদন্ত চলছে। সম্পদগুলো যাতে অন্য কারও কাছে হস্তান্তর করতে না পারে সে জন্য আদালতের নির্দেশে সম্পদ ক্রোক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights