রাজনৈতিক-পারিবারিক প্রভাবমুক্ত হচ্ছে বেসরকারি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদে পারিবারিক আধিপত্য ও রাজনৈতিক প্রভাব কমাতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন প্রস্তাবে একই পরিবার থেকে একটি ব্যাংকের পর্ষদে সর্বোচ্চ দুজন পরিচালক রাখার বিধান করা হচ্ছে। পরিচালকদের একটানা দায়িত্ব পালনের মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ছয় বছর করা হচ্ছে। পাশাপাশি মন্ত্রী, সংসদ সদস্য (এমপি) ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের ব্যাংকের পরিচালক হওয়ার সুযোগ বন্ধ এবং স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, পরিচালকদের জবাবদিহি নিশ্চিত করা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় এসব পরিবর্তন আনা হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অনুমোদনের জন্য চলতি সপ্তাহেই খসড়াটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে।
বর্তমানে একটি পরিবার থেকে সর্বোচ্চ তিনজন সদস্য একই ব্যাংকের পরিচালক থাকতে পারেন। নতুন প্রস্তাবে তা কমিয়ে দুজন করার কথা বলা হয়েছে। একই সঙ্গে পরিবারের স্বার্থসংশ্লিষ্ট বা নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি পরিচালক রাখার সুযোগ দুজনের পরিবর্তে একজন করা হচ্ছে। অতীতে অনেক ব্যাংক উদ্যোক্তা স্ত্রী, সন্তান, জামাতা ও নিকটাত্মীয়দের পর্ষদে বসিয়ে ব্যাংকের ওপর পারিবারিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন। এতে ঋণ বিতরণ ও ব্যাংক পরিচালনায় স্বার্থের সংঘাত এবং অনিয়মের সুযোগ তৈরি হয়েছে বলে অভিযোগ রয়েছে। পরিচালকদের একটানা দায়িত্ব পালনের মেয়াদও ১২ বছর থেকে কমিয়ে ছয় বছর করার প্রস্তাব রয়েছে। ছয় বছর দায়িত্ব পালনের পর পরবর্তী তিন বছর সংশ্লিষ্ট ব্যক্তি একই ব্যাংকের পরিচালক হতে পারবেন না। একসময় এ মেয়াদ ছয় বছর ছিল। ২০১৮ সালের সংশোধনীতে তা বাড়িয়ে ৯ বছর এবং ২০২৩ সালে ১২ বছর করা হয়। এবার আবার ছয় বছরে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে ব্যাংকের পরিচালনা পর্ষদে রাজনৈতিক প্রভাব কমাতে মন্ত্রিসভার সদস্য বা সমমর্যাদার ব্যক্তি, এমপি এবং স্থানীয় সরকারের প্রতিনিধিদের পরিচালক হওয়ার অযোগ্য করার প্রস্তাব করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রেও রাজনৈতিক পদধারীদের অযোগ্য করার বিধান যুক্ত হচ্ছে। বর্তমান আইনে এ বিষয়ে সরাসরি নিষেধাজ্ঞা নেই। তবে সংবিধানের ১৪৭ অনুচ্ছেদে মন্ত্রিসভার সদস্যদের লাভজনক পদে থাকা এবং মুনাফার উদ্দেশ্যে পরিচালিত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় অংশ নেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে।
পর্ষদে জবাবদিহি বাড়াতে স্বতন্ত্র পরিচালকের সংখ্যাও বাড়ানো হচ্ছে। বর্তমানে সর্বোচ্চ ২০ সদস্যের পর্ষদে দুই থেকে তিনজন স্বতন্ত্র পরিচালক রাখার বিধান রয়েছে। নতুন প্রস্তাবে তা বাড়িয়ে তিন থেকে চারজন করার কথা বলা হয়েছে। ২০ জনের কম সদস্যের পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা দুজন থেকে বাড়িয়ে তিনজন করার প্রস্তাব রয়েছে। ব্যাংকের সঙ্গে অতীত, বর্তমান বা ভবিষ্যতে স্বার্থসংশ্লিষ্টতা রয়েছে-এমন কাউকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না।
নতুন খসড়ায় বাংলাদেশ ব্যাংকের ক্ষমতাও বাড়ানোর প্রস্তাব রয়েছে। কোনো ব্যাংকের পর্ষদ আমানতকারীদের স্বার্থের পরিপন্থি কাজ করলে কেন্দ্রীয় ব্যাংক তা বাতিল করে নতুন পর্ষদ গঠন করতে পারবে। নতুন পর্ষদের মেয়াদ সর্বোচ্চ তিন বছর হবে। ব্যাংকের সংঘবিধি পরিবর্তনের ক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি সনদ বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া কৌশলগত বিনিয়োগকারীদের ক্ষেত্রে ব্যাংকের শেয়ার ধারণের ১০ শতাংশ সীমা শিথিল করার ক্ষমতা বাংলাদেশ ব্যাংককে দেওয়ার প্রস্তাব রয়েছে। পাশাপাশি পরিচালকের পদ ছাড়ার পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে নেওয়া ঋণের সম্পূর্ণ বকেয়া পরিশোধ বাধ্যতামূলক করা হচ্ছে। পুনঃ তফসিলের মাধ্যমে ঋণ নিয়মিত করার সুযোগ থাকবে না। কোনো পরিচালক টানা তিন মাসের বেশি পর্ষদ সভায় অনুপস্থিত থাকতে পারবেন না।
বিশ্লেষকরা মনে করছেন, প্রস্তাবিত সংশোধনী কার্যকর হলে ব্যাংকের পরিচালনায় পারিবারিক আধিপত্য ও রাজনৈতিক প্রভাব কমবে। তবে সংস্কারের সুফল নির্ভর করবে আইনের যথাযথ বাস্তবায়ন, পরিচালকদের জবাবদিহি এবং বাংলাদেশ ব্যাংকের কার্যকর তদারকির ওপর।
