‘রাজবাড়ী: ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির আখ্যান’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজবাড়ীতে ‘রাজবাড়ী: ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির আখ্যান’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
জেলা প্রশাসক সুলতানা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন। বইটিতে জেলার ১৮ জন লেখকের লেখা স্থান পেয়েছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শ্যামল চন্দ্র বসাকের সঞ্চালনায় বইটিতে স্থান পাওয়া লেখক আবু রেজা আশরাফুল মাসুদ ওরফে বাবু মল্লিক, মীর মশাররফ হোসেন, স্মৃতি সংসদের সভাপতি কবি সালাম তাসির ও লেখক নুরুল হক আলম বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, রাজবাড়ীতে এমন একটি উদ্যোগ এর আগে কোনোদিন গ্রহণ করা হয়নি। পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে লেখা আহ্বান করে লেখাগুলো বইয়ে স্থান পেয়েছে। ইতিহাস-ঐতিহ্য রক্ষায় বইটি আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজবাড়ী জেলা প্রশাসকের ভালো উদ্যোগের কারণে বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে। সবাইকে বইটি পড়ার আহ্বান জানান লেখকরা।
মোড়ক উন্মোচন শেষে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, বইটি রাজবাড়ীর ইতিহাস-ঐতিহ্য রক্ষায় আগামীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজবাড়ীর ইতিহাস-ঐতিহ্য সত্যিকার অর্থেই গর্বের। আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে। সেই সীমাবদ্ধতা অতিক্রম করে সবার আন্তরিকতার কারণেই বইটির মোড়ক উন্মোচন করা সম্ভব হয়েছে।
মোড়ক উন্মোচনের সময় লোকসংগীতশিল্পী কাঙ্গালিনী সুফিয়া, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. মো. মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ উল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক শংকর চন্দ্র বৈদ্য, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মেসহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
