রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত

অনলাইন ডেস্ক
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিমানবন্দরটিতে হামলার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ)।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, বেসামরিক বিমান চলাচলের অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিক হামলার অংশ হিসেবে শনিবার বিকেলে রিয়াদ বিমানবন্দরে হামলা চালানো হয়। হামলায় ক্ষয়ক্ষতি ও হতাহতের প্রকৃত সংখ্যা নির্ধারণে কাজ করছেন কর্মকর্তারা।

বিমানবন্দরের অবকাঠামোগত নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন বাংলাদেশিও রয়েছেন। তবে হতাহতদের এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

হামলার পর যাত্রীদের সতর্ক করে দিয়েছে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ সময়সূচি জেনে নিতে যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, বিমানবন্দর বন্ধ থাকায় বিভিন্ন দেশে আটকে পড়া সৌদি নাগরিকদের সহায়তায় এগিয়ে এসেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ক্ষতিগ্রস্ত নাগরিকদের সংশ্লিষ্ট দেশে অবস্থিত সৌদি দূতাবাস ও কনস্যুলেটে যোগাযোগ করতে বলা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবারও রিয়াদের এই বিমানবন্দরে দুটি হামলার ঘটনা ঘটেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই হামলায় তিন সৌদি নাগরিক নিহত এবং আরও অনেকে আহত হন। অল্প সময়ের ব্যবধানে একই বিমানবন্দরকে ঘিরে একাধিক হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের বিমান যোগাযোগ ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights