রীতি ভেঙে মোদি রাজ্যে নেয়া হল আইপিএলের ফাইনাল ম্যাচ

অনলাইন ডেস্ক

গতবারের পুনরাবৃত্তি ঘটল এবারও। আইপিএলের চেনা রীতি ভেঙে ফের গতবারের চ্যাম্পিয়ন দলের ঘরের মাঠ থেকে সরিয়ে নেওয়া হলো মেগা ফাইনাল। ২০২১-এর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কিন্তু আগামী ৩১ মে সেই ট্রফি জয়ের লড়াই আর দেখা যাবে না এম চিন্নাস্বামী স্টেডিয়ামে।

ভারতীয় ক্রিকেট বোর্ড বুধবার প্লে-অফের যে চূড়ান্ত সূচি প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে ফাইনাল আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামকে। এর আগেও কলকাতা নাইট রাইডার্স ট্রফি জেতার পর ইডেন গার্ডেনসে ফাইনাল না করে তা আমদাবাদে নিয়ে যাওয়া হয়েছিল। এবারও বেঙ্গালুরু কর্তৃপক্ষ বোর্ডের কড়া প্রোটোকল ও নির্দেশিকা পালনে অক্ষমতা জানানোয় ম্যাচ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। এই নিয়ে মোট তিনবার আইপিএল ফাইনাল আয়োজনের নজির গড়তে চলেছে মোদী স্টেডিয়াম।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র ফাইনাল নয় বেঙ্গালুরু এবার প্লে-অফের কোনো ম্যাচই আয়োজন করতে পারছে না। সাধারণত গতবারের জয়ী দল ফাইনালের পাশাপাশি একটি প্লে-অফ ম্যাচ আয়োজনের সুযোগ পেলেও এবার যাতায়াত ও পরিচালনাগত সমস্যার কারণ দেখিয়ে সেই সুযোগ বাতিল করা হয়েছে।

গত বছর বেঙ্গালুরুর জয়ের উৎসবের সময় চিন্নাস্বামীতে ১১ জন সমর্থকের মর্মান্তিক মৃত্যুর ঘটনার ছায়া এবারও কাটেনি। অনেক টালবাহানার পর সেখানে উদ্বোধনী অনুষ্ঠান এবং পাঁচটি ম্যাচ হলেও নিরাপত্তার খাতিরে রয়্যাল চ্যালেঞ্জার্সের বাকি দুটি হোম ম্যাচ ইতিমধ্যেই ছত্তীসগঢ়ের রায়পুরে সরিয়ে দেওয়া হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, আগামী ২৬ মে হিমাচল প্রদেশের ধর্মশালায় আয়োজিত হবে প্রথম কোয়ালিফায়ার। এরপর ২৭ মে এলিমিনেটর এবং ২৯ মে দ্বিতীয় কোয়ালিফায়ার; এই দুটি গুরুত্বপূর্ণ ম্যাচই অনুষ্ঠিত হবে মুল্লানপুরে। সবশেষে ৩১ মে আমদাবাদে বসবে ফাইনালের মহারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights