রুশ পররাষ্ট্রমন্ত্রীকে ঘিরে অস্বস্তি, জি-২০-এর আনুষ্ঠানিক ছবি বাতিল

অনলাইন ডেস্ক

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ভূমিকার প্রতিবাদে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে একই ছবিতে দাঁড়াতে অস্বীকৃতি জানিয়েছেন ইউরোপের কয়েকটি দেশের কূটনীতিকেরা।

এ নিয়ে আপত্তির মুখে জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে নির্ধারিত আনুষ্ঠানিক ‘পারিবারিক ছবি’ তোলার আয়োজন বাতিল করেছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ ঘটনা ঘটে।

ছবিটি বাতিলের বিষয়টি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে নিশ্চিত করেছেন দুই কর্মকর্তা। সাধারণত সম্মেলনে অংশ নেওয়া সব দেশের প্রতিনিধিদের নিয়ে এ ছবি তোলা হয়।

বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভকে সরাসরি উদ্দেশ করে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, ইউক্রেন যুদ্ধে কে আগ্রাসী, তা সবার জানা। তিনি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যার অভিযোগ তোলেন।

তার ভাষ্য, ইউক্রেনে ন্যায়সংগত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় জি-২০ দেশগুলোর আরও সক্রিয় হওয়া উচিত। রাশিয়ার যুদ্ধ বিশ্বজুড়ে জ্বালানি ও সরবরাহব্যবস্থায় বিঘ্ন ঘটাচ্ছে এবং খাদ্যনিরাপত্তাহীনতা বাড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বৈঠকের আয়োজক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন এক কর্মকর্তা জানান, কয়েকটি দেশের প্রতিনিধি যৌথ ছবিতে অংশ নিতে অনিচ্ছুক- এটি স্পষ্ট হওয়ার পর ছবিটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

আনুষ্ঠানিক ছবি নিয়ে কূটনৈতিক বিতর্ক তৈরি না করে মূল আলোচনায় মনোযোগ দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইউক্রেন জি-২০-এর সদস্য নয়। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিকে এ ধরনের বৈঠকে আমন্ত্রণ জানানো হলেও এবার আমন্ত্রণ জানানো হয়নি।

যুক্তরাজ্যের এক কর্মকর্তা জানান, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে রুশ মন্ত্রীদের সঙ্গে সরাসরি দ্বিপক্ষীয় যোগাযোগ না করার নীতি অনুসরণ করছে লন্ডন।

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক সাম্প্রতিক সময়ে কিছুটা উষ্ণ হয়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে রুশ ডিজেল আমদানির চুক্তি এবং রাশিয়ার ওপর কিছু নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তের সমালোচনা করেছে ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা।

তবে চলতি সপ্তাহে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষার জন্য ২০০ কোটি ডলারের বেশি মূল্যের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights