শনিবার শাবিপ্রবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ প্রতিযোগিতা
শাবিপ্রবি প্রতিনিধি
তরুণ প্রজন্মের উদ্ভাবনী মেধা বিকাশ, বিজ্ঞানমনস্ক চিন্তা এবং আগামী দিনের প্রযুক্তিভিত্তিক স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’-এর বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠান।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে আগামী শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।
আয়োজক কমিটি জানায়, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন বিজ্ঞান প্রকল্প প্রদর্শন ও মতবিনিময় চলবে। এরপর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত পুরস্কারসহ সনদ প্রদান এবং সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এ ছাড়াও উপস্থিত থাকবেন আয়োজক কমিটির আহ্বায়ক ও ডুয়েটের উপাচার্য প্রকৌশলী অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, সদস্যসচিব ড. মোস্তফা আজিজ সুমন এবং সিলেট বিভাগীয় আয়োজক কমিটির সদস্যসচিব ডা. মোহাম্মদ আবু নাছের।
আয়োজন প্রসঙ্গে সিলেট বিভাগীয় আয়োজক কমিটির আহ্বায়ক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, একটি সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিগতভাবে দক্ষ করে গড়ে তোলার কোনো বিকল্প নেই। ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ প্রতিযোগিতার মাধ্যমে সিলেটের তরুণ শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী মেধা বিকাশের একটি বড় প্ল্যাটফর্ম পাচ্ছে। আমি এই আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করছি।
