শাহবাগে বিএমইউ হাসপাতালের আটতলা থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক

রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালের আটতলা থেকে পড়ে সামিয়া নুর (১৫) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেল আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সামিয়ার মামা মাসুদ আলম জানান, তাঁর বোন পারুল আক্তার জরায়ুর টিউমারের চিকিৎসার জন্য পাঁচ দিন আগে ওই হাসপাতালে ভর্তি হন। শনিবার বিকেলে হাসপাতালের আটতলার ওয়ার্ডে পারুল আক্তার ও তাঁর পালক মেয়ে সামিয়া কথা বলছিল। একপর্যায়ে ওয়ার্ডের জানালার ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয় সামিয়া।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর বিকেল ৫টা ১৪ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, সামিয়ার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট শাহবাগ থানাকে জানানো হয়েছে।

মাসুদ আলম আরও জানান, গাজীপুর সদর উপজেলার কলমেশ্বর গ্রামের নুরুন্নবী ও পারুল আক্তার দুই থেকে তিন বছর বয়সে সামিয়াকে পালক নেন। সামিয়া তাদেরই নিজের বাবা-মা বলে জানত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights