শিক্ষার্থীদের কল্যাণে জবি ছাত্রদলের স্মারকলিপি: জকসু নীতিমালায় সংস্কার ও বৃত্তির দাবি ‎

‎রাকিব মাজহার,জবি প্রতিনিধি:

‎

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নীতিমালায় নতুন পদ সংযোজন এবং শিক্ষার্থীদের জন্য সম্পূরক বৃত্তি নিশ্চিতের দাবিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

‎

‎রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জবি ছাত্রদলের নেতারা ইউজিসি চেয়ারম্যানের হাতে স্মারকলিপি জমা দেন। এতে করোনোত্তর অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শিক্ষার্থীদের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার বিষয়টি তুলে ধরে দ্রুত সম্পূরক বৃত্তি চালুর দাবি জানানো হয়। পাশাপাশি আগামী অক্টোবরের মধ্যেই এ দাবিগুলো বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

‎

‎স্মারকলিপিতে বলা হয়, জকসু নীতিমালায় সময়োপযোগী সংশোধনের প্রয়োজন রয়েছে। নতুন প্রস্তাবিত সম্পাদকীয় পদগুলো হলো— স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী সম্পাদক, মিডিয়া ও যোগাযোগ সম্পাদক, সংস্কৃতি সম্পাদক, দক্ষতা উন্নয়ন সম্পাদক, আইন ও মানবাধিকার সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, পরিবেশ সম্পাদক এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক। এছাড়া কোষাধ্যক্ষ পদের বিপরীতে অর্থ সম্পাদক পদকে পুনরাবৃত্তি হিসেবে উল্লেখ করে তা বাদ দেওয়ার দাবি জানানো হয়।

‎

‎এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন,

‎”জবি ছাত্রদল বিশ্ববিদ্যালয়ে সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। জীবনযাত্রার ব্যয় বাড়ায় শিক্ষার্থীরা নানামুখী সমস্যার সম্মুখীন হচ্ছে। কাজেই ছাত্রদল চায় আগামী অক্টোবরের মধ্যেই শিক্ষার্থীরা সম্পূরক বৃত্তি পাক।”

‎

‎সদস্য সচিব শামসুল আরেফিন বলেন,

‎”শিক্ষার্থীদের কল্যাণের জন্য যা কিছু প্রয়োজন, ছাত্রদল তা করে যাচ্ছে। অক্টোবরের মধ্যেই যেন সম্পূরক বৃত্তি কার্যকর হয় সে লক্ষ্যেই আজকের স্মারকলিপি।”

‎

‎স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার, মোস্তাফিজুর রহমান রুমি প্রমুখ।

‎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights