সংসদে দুই জোটের বাহাস

কাজী সোহাগ

জাতীয় সংসদে চলতি অধিবেশনে এ পর্যন্ত চার কার্যদিবসের প্রায় প্রতিদিনই নানা ইস্যুতে সরকারি ও বিরোধী দলের মধ্যে বাহাস এবং হট্টগোল হয়েছে। ইস্যুগুলোর মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ, অধ্যাদেশ জারি ও গার্মেন্টস খাতে অস্থিতিশীলতা। যুক্তি-পাল্টা যুক্তি তুলে ধরে পাল্টাপাল্টি অবস্থানে ছিলেন পরস্পরবিরোধী দুই জোটের এমপিরা। বিরোধী জোটের পক্ষ থেকে কয়েকটি ইস্যুতে সরকার ব্যর্থ বলে মন্তব্য করা হয়েছে। অন্যদিকে চলমান গার্মেন্টস সেক্টরের উত্তেজনাকর পরিস্থিতিসহ দেশের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকার দাবি জানিয়েছে সরকারদলীয় জোট। গত ৯ নভেম্বর শুরু হওয়া এই অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার অধিবেশনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে বলেন, তদন্ত শেষ হওয়ার আগেই বাড়িটিতে আগুন লাগানোর অভিযোগ তোলা হচ্ছে। এটি নাশকতা নাকি দুর্ঘটনা, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দাবি করেন, ভিডিও ফুটেজে বাইরে থেকে কিছু নিক্ষেপের কারণেই আগুনের সূত্রপাত হয়েছে তা স্পষ্ট দেখা গেছে। এ নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যের এক পর্যায়ে ১১-দলীয় জোটের সংসদ সদস্যরা হইচই শুরু করলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বারবার তাদের শান্ত থাকার আহ্বান জানান। এর আগে অধিবেশনের শুরুতেও এই ইস্যুতে কথা বলা নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও নাহিদ ইসলামের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

অধিবেশনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মব সহিংসতা ও সীমান্ত ইস্যু নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে তীব্র বিতর্ক হয়। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, আর্মি গলফ ক্লাব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, এসবি সদর দপ্তরের গেটে হামলা, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং পাহাড়ে সন্ত্রাসী তৎপরতা চললেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান তৎপরতা নেই। নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে মিছিল করছে এবং গোয়েন্দা সংস্থার পরিচয়ে বিরোধী সদস্যদের দল ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এ ছাড়া বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো বৈঠকের ইতিহাস নেই দাবি করে তিনি পাল্টা অভিযোগ তোলেন, বরং অভিযোগকারীদেরই দেশে-বিদেশে গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের অতীত রয়েছে। বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন, ঢাবির ছাত্রশক্তির সভাপতির ওপর হামলা এবং বিএনপির কার্যালয়ে হামলার ঘটনায় সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেন।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে ৫৫টি মবের ঘটনা ঘটলেও চলতি বছরের একই সময়ে তা কমে ১৬টিতে নেমেছে। অবশিষ্ট ঘটনাগুলো বন্ধেও চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। তিনি অভিযোগ করেন, পতিত ফ্যাসিবাদী শক্তি স্থানীয় সহযোগী ও সীমান্তের ওপারের উৎসাহে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, যা সরকার বাস্তবায়ন হতে দেবে না। ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬’ উত্থাপনের আগে অধ্যাদেশ জারির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান। তিনি বলেন, কার্যকর সংসদ ও স্থায়ী কমিটি থাকা সত্ত্বেও সংসদকে পাশ কাটিয়ে গত ১৯ অক্টোবর কেন অধ্যাদেশ জারি করা হলো, তার ব্যাখ্যা দিতে হবে। জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিরোধী সদস্যের ব্যাখ্যাকে ‘বিভ্রান্তিমূলক’ আখ্যা দিয়ে বলেন, সংসদ অধিবেশন না থাকা অবস্থায় সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন এবং এ বিষয়ে রাষ্ট্রপতির সন্তুষ্টির ওপর সংসদের হস্তক্ষেপ বা আদালতে প্রশ্ন তোলার সুযোগ নেই। গার্মেন্টস খাতের অস্থিতিশীলতা নিয়ে পয়েন্ট অব অর্ডারে বিতর্ক হলেও কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধি অনুযায়ী চলমান শ্রমিক অসন্তোষ ও জ্বালানি সংকট নিরসনে সাধারণ আলোচনার জন্য নোটিস দেন সংসদে জামায়াতের মুখপাত্র মোহাম্মদ নাজিবুর রহমান এবং জাতীয় পানি নিরাপত্তা বিষয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন মীর আহমাদ বিন কাসেম। চলতি সপ্তাহে এ নিয়ে আলোচনা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights