সহজে রেমিট্যান্স পাঠাতে পারবেন মালদ্বীপ প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক

মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের দেশে অর্থ পাঠানো সহজ করতে তিনটি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে মালদ্বীপের স্থানীয় মুদ্রা রুফিয়ায় লেনদেনের ব্যবস্থা, ভ্রমণসংক্রান্ত ব্যয়ে টাকায় মূল্য নির্ধারিত কার্ড ব্যবহারের সুযোগ এবং দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় মুদ্রা বিনিময় বা কারেন্সি সোয়াপ চালুর সম্ভাবনা যাচাই। ৮ অক্টোবর মালদ্বীপ মনিটারি অথরিটির (এমএমএ) গভর্নর আহমেদ মুনাওয়ারকে পাঠানো এক চিঠিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান এসব প্রস্তাব দেন। চিঠিতে তিনি বলেন, মালদ্বীপে বৈধ পথে বৈদেশিক মুদ্রা লেনদেনের চ্যানেল শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হলেও বাংলাদেশি কর্মীরা তাঁদের উপার্জিত অর্থ দেশে পাঠাতে এখনো নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। এ সমস্যা সমাধানে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতায় নিরাপদ, স্বচ্ছ, দক্ষ ও সাশ্রয়ী উপায়ে আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন তিনি। বাংলাদেশ ব্যাংকের প্রথম প্রস্তাবে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (এসিইউ) আওতায় উপযুক্ত ব্যবস্থার মাধ্যমে মালদ্বীপের মুদ্রা রুফিয়া ব্যবহারের সম্ভাবনা যাচাইয়ের কথা বলা হয়েছে। এ ব্যবস্থায় মালদ্বীপ থেকে পাঠানো অর্থের বিপরীতে বাংলাদেশের প্রাপকেরা অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে টাকায় অর্থ পাবেন। দ্বিতীয় প্রস্তাবে মালদ্বীপের লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক ও অর্থ স্থানান্তরকারী প্রতিষ্ঠানগুলোকে দেশটিতে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের নির্দিষ্ট ভ্রমণসংক্রান্ত ব্যয় রুফিয়ায় পরিশোধের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। এর বিপরীতে বাংলাদেশে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো টাকায় মূল্য নির্ধারিত কার্ড ইস্যু করতে পারবে। দুই দেশের সম্মতিতে নির্ধারিত নিয়ন্ত্রক কাঠামোর আওতায় এসব লেনদেন নিষ্পত্তি করা হবে। তৃতীয় প্রস্তাবে বাংলাদেশি কর্মীদের উপার্জিত অর্থ দেশে পাঠানোর সুবিধার্থে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বিপক্ষীয় মুদ্রা বিনিময় বা কারেন্সি সোয়াপ ব্যবস্থা চালুর সম্ভাবনা যাচাইয়ের কথা বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রস্তাবগুলো বাস্তবায়নে উভয় দেশের নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হবে এবং সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলতে হবে। এ বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও মালদ্বীপে বাংলাদেশ মিশনের প্রতিনিধিদের সমন্বয়ে একটি যৌথ প্রতিনিধিদল নিয়ে এমএমএর সঙ্গে বৈঠক করতেও প্রস্তুত রয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৈঠকে প্রস্তাবগুলোর নিয়ন্ত্রক শর্ত, পরিচালন পদ্ধতি ও অর্থ লেনদেন নিষ্পত্তির কাঠামো নিয়ে আলোচনা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights