সিংড়ায় কৃষিজমি থেকে কচুরিপানা অপসারণ শুরু
নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়ার চলনবিল এলাকায় বর্ষায় উজান থেকে ভেসে এসে কৃষিজমিতে জমে থাকা কচুরিপানা অপসারণের কাজ শুরু হয়েছে। আধুনিক কচুরিপানা কাটার যন্ত্রের সাহায্যে এ কাজ করা হচ্ছে।
বুধবার বিকেলে উপজেলার সিংড়া পয়েন্ট এলাকায় কৃষিজমি থেকে কচুরিপানা অপসারণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষা মৌসুমে উজান থেকে ভেসে আসা বিপুল পরিমাণ কচুরিপানা চলনবিলের বিভিন্ন কৃষিজমিতে জমে থাকে। এতে জমিতে চাষাবাদ ব্যাহত হয়। কৃষকদের এ সমস্যা দূর করতে নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর ব্যবস্থাপনায় এবং তার দেওয়া কচুরিপানা কাটার যন্ত্র দিয়ে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান শামীম হোসেন, উপজেলা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন ও সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী কাজল সরকার উপস্থিত ছিলেন।
