সোনারগাঁয়ে ৪ চুন কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, স্থাপনা ভেঙে দিল তিতাস
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে পরিচালিত চারটি চুন কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাগুলো ভেঙে দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সোনাখালী ও প্রতাবনগর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল। এ সময় অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত প্রায় ৬০০ ফুট পাইপ ও চারটি বার্নার জব্দ করে ধ্বংস করা হয়।
তিতাস গ্যাসের মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার জানান, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় চুনা কারখানা পরিচালনা করে আসছিল। এসব কারখানায় বৈধ সংযোগ বা অনুমোদন না থাকায় সরকার প্রতি মাসে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল। বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে চারটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং কারখানার অবকাঠামো ভেঙে দেওয়া হয়।
তিনি বলেন, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাস গ্যাসের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সরকারি সম্পদ রক্ষা এবং রাজস্ব ক্ষতি প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে। একইসঙ্গে অবৈধ সংযোগ গ্রহণ বা ব্যবহারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে তিতাস গ্যাসের প্রকৌশলী তৌফিকুর রহমান, জহুরুল ইসলাম, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং তিতাস গ্যাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
