মধ্যপাড়া পাথর খনির শ্রমিকদের সন্তানদের শিক্ষা উপবৃত্তি
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চশিক্ষায় অধ্যয়নরত ৫২ শিক্ষার্থীকে মাসিক শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান করেছে জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)।
সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে খনির সামনে জিটিসি চ্যারিটি হোমে শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে এ উপবৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। জিটিসির নির্বাহী পরিচালক মো. জাবেদ সিদ্দিকীর পক্ষে উপ-মহাব্যবস্থাপক মো. জাহিদ হোসেন শিক্ষার্থীদের হাতে উপবৃত্তির অর্থ তুলে দেন।
জিটিসি সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি খনি শ্রমিক ও সংশ্লিষ্ট এলাকার মানুষের জন্য বিভিন্ন সেবামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে শ্রমিকদের উচ্চশিক্ষায় অধ্যয়নরত সন্তানদের জন্য মাসিক শিক্ষা উপবৃত্তি এবং খনি এলাকার বাসিন্দাদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ সেবা চালু করেছে জিটিসি।
এ জন্য খনি এলাকায় ‘জিটিসি চ্যারিটি হোম’ স্থাপন করা হয়েছে। সেখানে একজন অভিজ্ঞ এমবিবিএস চিকিৎসকের মাধ্যমে সপ্তাহে পাঁচ দিন বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়। প্রতিদিন গড়ে প্রায় অর্ধশত মানুষ এ সেবা গ্রহণ করছেন।
