সৌদির পশ্চিমাঞ্চল লক্ষ্য করে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন ডেস্ক

সৌদি আরবের পশ্চিমাঞ্চল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। তবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করা হয়েছে।

রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এ তথ্য জানান। তিনি বলেন, সৌদি আরবের পশ্চিমাঞ্চলের দিকে হুতি মিলিশিয়াদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে তা প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

সৌদি আরবের পশ্চিমাঞ্চলে দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর অবস্থান। এসব স্থাপনার মধ্যে রয়েছে অপরিশোধিত তেল রপ্তানির প্রধান কেন্দ্র ইয়ানবু টার্মিনাল। এ ছাড়া দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইয়েমেন সীমান্তের কাছাকাছি রয়েছে জাজান তেল শোধনাগার।

গত কয়েক সপ্তাহে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও সামরিক স্থাপনার পাশাপাশি গুরুত্বপূর্ণ তেল অবকাঠামোতেও হামলা বাড়িয়েছে হুতি যোদ্ধারা।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে সৌদি আরব। দেশটি হুতিদের বিরুদ্ধে লড়াইরত সামরিক জোটের নেতৃত্বেও রয়েছে। একই সঙ্গে সৌদি আরব বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ।

সৌদি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর থেকে হুতিদের হামলায় দেশটিতে ২৬ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে বিমানবন্দরে হামলায় প্রাণ হারিয়েছেন ২৩ জন।

এর আগে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) হুতিদের একটি হামলায় সৌদি রাজধানী রিয়াদের বাণিজ্যিক এলাকায় অবস্থিত দেশটির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সদর দপ্তরের ভবনের কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়।

চলতি মাসের শুরুতে আরেকটি হামলায় সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর মালিকানাধীন একটি আকাশচুম্বী ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছিল। সূত্র: এএফপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights