সৌরবিদ্যুতে আলোকিত যবিপ্রবি

নিজস্ব প্রতিবেদক, যশোর

দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে রুফটপ সোলার সিস্টেম স্থাপন করে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। সূর্যের আলো কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ চাহিদার এক-তৃতীয়াংশ মেটানোর পাশাপাশি ছাদ ভাড়া থেকে প্রতি মাসে বাড়তি আয় হচ্ছে লাখ টাকার বেশি। ছুটির দিনে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ যোগ হচ্ছে জাতীয় গ্রিডে, আবার এই সোলার প্যানেলই হয়ে উঠেছে শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষার জীবন্ত ক্ষেত্র। ২০২৩ সালের জুন মাস থেকে যবিপ্রবির অধিকাংশ ভবনের ছাদে এই রুফটপ সোলার সিস্টেম স্থাপনের কাজ শুরু হয়। সুপারস্টার রিনিউঅ্যাবল এনার্জি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান অপেক্স মডেলে ভবনগুলোর ছাদে ৬৩ হাজার বর্গফুট আয়তনজুড়ে বসিয়েছে ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই সোলার প্যানেল। যবিপ্রবির গবেষণাগার উন্নয়ন শীর্ষক প্রকল্পের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মিজানুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের মাসিক বিদ্যুৎ চাহিদা প্রায় ৩ লাখ ইউনিট, যার বিপরীতে এই সোলার প্যানেল থেকে পাওয়া যাচ্ছে প্রায় ১ লাখ ইউনিট। তিনি বলেন, সরকারি নির্ধারিত দরের চেয়ে ২৬ দশমিক ৬ শতাংশ কম মূল্যে উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে এই বিদ্যুৎ কিনছে যবিপ্রবি। বাকি বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ থেকে নেওয়া হচ্ছে। ২৬ দশমিক ৬ শতাংশ কমে বিদ্যুৎ কেনায় প্রতি মাসে বিশ্ববিদ্যালয়ের সাশ্রয় হচ্ছে ৩ লাখ টাকা। আবার প্রতি বর্গফুট ২ টাকা হিসেবে ভবনগুলোর ছাদ ভাড়া দিয়ে মাসে আয় হচ্ছে ১ লাখ ২৭ হাজার টাকা। সব মিলিয়ে বিদ্যুৎ খরচ বাবদ প্রতি মাসে বিশ্ববিদ্যালয়ের সাশ্রয় ৪ লাখ ২৭ হাজার টাকা। সবগুলো প্যানেলে সোলার বসানো শেষ হলে সাশ্রয়ের পরিমাণ আরও বাড়বে। যবিপ্রবি কর্তৃপক্ষ জানায়, প্রতি সপ্তাহে বৃহস্পতি ও শুক্রবার যবিপ্রবি ছুটি থাকে। এ দুই দিনসহ অন্যান্য সরকারি ছুটির দিনে ক্যাম্পাসে ব্যবহার না হওয়া সৌরবিদ্যুৎ সরাসরি যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। বর্তমানে প্রতি মাসে ২৪ থেকে ২৬ হাজার ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছে যবিপ্রবির সোলার সিস্টেম। এই পরিমাণ ভবিষ্যতে আরও বাড়ানোর লক্ষ্যে কাজ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর্থিক লাভ ও বিদ্যুৎ সরবরাহের বাইরেও এই প্রকল্প থেকে উপকৃত হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থীরা। এই অনুষদের ডিন অধ্যাপক ড. প্রকৌশলী ইমরান খান বলেন, ‘এই সোলার সিস্টেম আমাদের শিক্ষার্থীদের জন্য হাতেকলমে শেখার একটি বাস্তব ক্ষেত্র হয়ে উঠেছে। এখান থেকে রিয়েল টাইম ডেটাও পাওয়া যাচ্ছে, যা গবেষণা ও শিক্ষায় সহায়ক হচ্ছে।’ তিনি বলেন, এনার্জি সংকটের এই সময়ে লোড শেডিং হলেও সোলার থাকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বা গবেষণার কাজ কোনো কিছুই থেমে থাকছে না। যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, এখনো কিছু বিল্ডিংয়ে সোলার প্যানেল স্থাপন বাকি। এগুলো সম্পন্ন হলে বিশ্ববিদ্যালয়ের চাহিদার ৪০ শতাংশ বিদ্যুৎ সোলার প্যানেল থেকে পাওয়া যাবে। তিনি বলেন, যবিপ্রবির ঝিনাইদহ ক্যাম্পাসেও সোলার প্যানেল স্থাপন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights