হরমুজে জ্বলছে একের পর এক জাহাজ

হরমুজ প্রণালির পূর্বে নৌমাইনের আঘাতে একটি তেল ট্যাংকারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে শনিবার জানিয়েছে ইরানের নৌবাহিনী। ইরানের অনুমোদন ছাড়া ওই এলাকা অতিক্রম করার চেষ্টা চালানোয় এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, ভোরের দিকে এই ঘটনা ঘটে। প্রণালির পূর্ব অংশটি বর্তমানে সম্পূর্ণরূপে ইরানি নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ ও নজরদারিতে রয়েছে। সামরিক বাহিনী কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যেসব জাহাজ ট্র্যাকিং সিস্টেম বন্ধ রেখে নিষিদ্ধ এলাকা দিয়ে যাতায়াত করে নিয়ম লঙ্ঘন করবে, তাদের জন্য চূড়ান্ত পরিণতি হিসেবে অপেক্ষা করছে বিস্ফোরণ ও আগুন।

এর আগে গত শুক্রবার ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) থেকে প্রাপ্ত খবরে জানা যায়, হরমুজ প্রণালীতে নৌমাইনের আঘাতে দুটি তেল ট্যাংকার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের শিকার হয়। আইআরজিসির তথ্যমতে, ওই দুটি জাহাজ অনুমোদনহীন পথ দিয়ে গোপনে যাতায়াত করার চেষ্টা করছিল। যার মধ্যে একটি সুপারট্যাংকারও অন্তর্ভুক্ত ছিল। আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের বাহিনীর সাথে পূর্ব সমন্বয় ছাড়া অথবা এই অঞ্চলের ইরানি নৌ-চলাচল সংক্রান্ত নির্দেশনা উপেক্ষা করে যেন কোনো শিপিং কোম্পানি বা জাহাজের মালিক হরমুজ প্রণালী পার হওয়ার ঝুঁকি না নেন।

ইরান দীর্ঘদিন ধরেই বারবার সর্তক বার্তা দিয়ে আসছে যে, পূর্ব সমন্বয় ব্যতিরেক হরমুজ প্রণালীতে নৌযান চলাচল করলে বিপজ্জনক পরিস্থিতিতে পড়ার চরম ঝুঁকি রয়েছে, যেখানে মাইনের সাথে ধাক্কা লেগে জাহাজে আগুন ধরে যেতে পারে। একই সাথে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কর্তৃক প্রণালীর নিরাপত্তা ও মাইন মুক্ত করার যে তথাকথিত আশ্বস্তবাণী দেওয়া হচ্ছে, তার ওপর ভরসা না করার জন্য শিপিং কোম্পানিগুলোকে অনুরোধ জানিয়েছে ইরান। মার্কিন এসব আশ্বাসকে নিছক ‘আমেরিকান বিভ্রান্তি’ বলেই মনে করে দেশটির কর্তৃপক্ষ।

সূত্র: আল মায়াদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights