হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ

নোয়াখালী প্রতিনিধি:

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে মেঘনা নদী উত্তাল থাকায় নোয়াখালীর উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ টানা চার দিন ধরে বন্ধ রয়েছে। এতে মূল ভূখণ্ড নোয়াখালীর সঙ্গে হাতিয়ার নৌ যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সোমবার (৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।

উপজেলা প্রশাসন জানায়, আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী গত চার দিন ধরে উপকূলে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বলবৎ থাকায় হাতিয়া রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে প্রশাসনের নির্দেশনা অমান্য করে ঝুঁকি নিয়ে ২-১টি ট্রলার যাত্রী পরিবহন করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়দের ভাষ্য, সোমবার সকাল থেকেই হাতিয়ার নলচিরা ও চেয়ারম্যানঘাট এলাকায় শত শত যাত্রী চরম দুর্ভোগের মধ্যে অপেক্ষা করছেন। কিন্তু মেঘনা নদী উত্তাল থাকায় সি-ট্রাক, স্পিডবোট, ফেরি ও যাত্রীবাহী ট্রলারসহ কোনো নৌযানই ঘাট ছেড়ে যেতে পারেনি।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বলবৎ রয়েছে। এ কারণে হাতিয়ার সঙ্গে ঢাকা এবং অভ্যন্তরীণ বিভিন্ন রুটের নৌ যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। সতর্কতা সংকেত প্রত্যাহার করা হলে নৌ চলাচল স্বাভাবিক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights