হামবুর্গের মাঠে হোঁচট, ডর্টমুন্ডকে টপকাতে পারল না বায়ার্ন

অনলাইন ডেস্ক

বুন্দেসলিগায় শীর্ষে থাকা বরুসিয়া ডর্টমুন্ডকে টপকে যাওয়ার দারুণ সুযোগ হাতছাড়া করল বায়ার্ন মিউনিখ। প্রথমার্ধে জশুয়া কিমিখ লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর হামবুর্গের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ভিনসেন্ট কোম্পানির দল।

চ্যাম্পিয়ন্স লিগে লিলের কাছে ২-১ গোলে হতাশাজনক হারের পর জয়ে ফিরতে মরিয়া ছিল বায়ার্ন। কিন্তু হ্যারি কেইন, মাইকেল ওলিসে, জামাল মুসিয়ালা, আলফোনসো ডেভিস ও ম্যানুয়েল নয়্যারের মতো তারকাদের চোটের কারণে একাদশে ব্যাপক পরিবর্তন আনতে বাধ্য হন কোচ কোম্পানি।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের নবম মিনিটেই প্রথম সুযোগ তৈরি করে বায়ার্ন। ক্যারিয়ারের প্রথম শুরুর একাদশে সুযোগ পাওয়া নোয়া কোজো-এভোরার দূরপাল্লার শট সাইড নেটে লাগে।

স্বাগতিক হামবুর্গ প্রথমার্ধে জমাট রক্ষণ আগলে রাখে। এর মধ্যেই বারা সাপোকো এনদিয়ায়ের জোরালো শট আটকে যায় এবং টম বিশফ দুবার বল উড়িয়ে মারেন।

ম্যাচের ছন্দ খুঁজে ফেরা বায়ার্নের জন্য ৪৪তম মিনিটে বড় ধাক্কা হয়ে আসে কিমিখের লাল কার্ড। আলেকজান্ডার রসিং-লেলেসিটকে টেনে ধরে মাঠ ছাড়েন তিনি। প্রথমার্ধের শেষ বলে ফ্রি-কিক থেকে আলবার্ট গ্রনবায়েকের বাঁকানো শট ঠেকিয়ে বায়ার্নকে বাঁচান গোলরক্ষক ইয়োনাস আরবিগ।

বিরতির চার মিনিট পর নিজেদের জালেই বল জড়িয়ে দেওয়ার শঙ্কায় পড়ে বায়ার্ন। ইয়োসিপ স্তানিসিচের ক্লিয়ারেন্স নিজেদের গোলের দিকে চলে গেলে দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে বল বাইরে পাঠান আরবিগ।

এরপর বলের দখল রাখলেও আক্রমণে ধার দেখাতে পারেনি সফরকারীরা। প্যাৎসন ডাকার শট লক্ষ্যভ্রষ্ট হলে বেঁচে যায় বায়ার্ন।

৭৫তম মিনিটে বদলি নামা লুইস দিয়াসের জোরালো শট গোললাইন থেকে হেডে ক্লিয়ার করেন মারিও ভুসকোভিচ। তিন মিনিট পর পাল্টা আক্রমণে দারুণ সুযোগ পেলেও মার্টিন অ্যাডেলিনের শট বাইরে গেলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল।

চোটের মিছিলে কোম্পানির অধীনে কঠিন সময় পার করছে বায়ার্ন। ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে গত চার মৌসুমের মধ্যে সবচেয়ে দুর্বল শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এর আগে ২০২২-২৩ মৌসুমে এই পর্বে তাদের ছিল ২২ পয়েন্ট।

রোববার বায়ার লেভারকুসেনকে হারালে শীর্ষে চার পয়েন্টের ব্যবধানে এগিয়ে যেতে পারবে ডর্টমুন্ড।

এই ড্রয়ে অবশ্য অ্যাওয়ে ম্যাচে বুন্দেসলিগায় টানা ৩২ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি গড়েছে বায়ার্ন। অ্যাওয়ে ম্যাচে এর চেয়ে দীর্ঘ অপরাজিত যাত্রা ছিল ২০১২ থেকে ২০১৪ সালে, ৩৩ ম্যাচ।

ঘরের মাঠে টানা দ্বিতীয় লিগ ম্যাচে বায়ার্নকে রুখে দিলেও বুন্দেসলিগায় বাভারিয়ানদের বিপক্ষে টানা ২০ ম্যাচ জয়হীন থাকল হামবুর্গ (৫ ড্র, ১৫ হার)- যা লিগের ইতিহাসে যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে তাদের দীর্ঘতম জয়খরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights