হুতির ১২ ড্রোন-ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি সৌদির

অনলাইন ডেস্ক

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট বৃহস্পতিবার জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হুতিদের নিক্ষেপ করা ১১টি ড্রোন এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশে থাকতেই সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ প্রকাশিত একাধিক বিবৃতিতে জানান, রিয়াদ, মদিনা, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং দেশটির দক্ষিণাঞ্চলের আকাশে ড্রোনগুলো প্রতিহত করা হয়। অন্যদিকে, ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকা নাজরানের দিকে ধেয়ে আসার সময় সেটিকে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবারের সর্বশেষ বিবৃতিতে সামরিক জোটটি জানায়, তারা দক্ষিণাঞ্চল এলাকা লক্ষ্য করে পরিচালিত আরও দুটি ড্রোন আকাশে ধ্বংস করতে সক্ষম হয়েছে। এর আগে প্রকাশিত পৃথক সংবাদে জোটের পক্ষ থেকে জানানো হয়েছিল, তারা রিয়াদ ও মদিনার আকাশ থেকে চারটি, রিয়াদের ওপর থেকে একটি এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের আকাশসীমা থেকে আরও চারটি ড্রোন প্রতিহত করেছে। তবে এই ড্রোনগুলো ঠিক কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল কিংবা এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার সময় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে জোটের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এই ঘটনাগুলোর ঠিক এক দিন আগেই সৌদি কর্তৃপক্ষ দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে ড্রোন হামলায় চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিল। সেখানে অবস্থিত সৌদি অ্যারামকোর একটি তেল স্থাপনায় হুতিদের একটি পরিকল্পিত ড্রোন হামলা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করার পর উপর থেকে পড়ে যাওয়া ধ্বংসাবশেষের আঘাতে দুইজনের মৃত্যু হয়। তাছাড়া দাম্মামের বাদশাহ ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে চালানো অপর একটি পৃথক হামলায় আরও দুইজন প্রাণ হারান।

এ ছাড়া, সামরিক জোটটি বুধবারও সাতটি ড্রোন নিষ্ক্রিয় করার কথা জানিয়েছিল। যার মধ্যে একটি দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে এবং বাকি ছয়টি মদিনা ও পূর্বাঞ্চলীয় প্রদেশের ওপর দিয়ে উড়ে আসার সময় প্রতিহত করা হয়।

সূত্র: আনাদোলু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights