১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মতবিনিময়
চাঁদপুর প্রতিনিধি
১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য সরকারকে আহ্বান জানিয়ে চাঁদপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ১৯৭০-এর ভয়াল ঘূর্ণিঝড়ে ১০ লাখ নিহত ব্যক্তির স্মরণে উপকূলীয় অঞ্চলের সমস্যা, সংকট, সম্ভাবনা এবং উপকূলের মানুষের ন্যায্যতার দাবি তুলে ধরা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে শহরের নিউ ট্রাক রোডের একটি পত্রিকা কার্যালয়ে সভার আয়োজন করে উপকূল ফাউন্ডেশন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী ইউনিট।
সভায় সভাপতিত্ব করেন জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি। সদস্য মো. মাসুদ আলমের সঞ্চালনায় উপকূলীয় এলাকার সমস্যা ও অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য দেন হাওয়াইয়ান গিটারশিল্পী দিলীপ ঘোষ, সাবেক ফুটবলার মিজানুর রহমান স্বপন, সংগঠনের সদস্য ইয়াসিন আরাফাত, দৈনিক আদি বাংলা পত্রিকার প্রধান সম্পাদক এমরান হোসেন রাজন, দৈনিক চাঁদপুর দিগন্তের যুগ্ম সম্পাদক কে এম সালাহউদ্দিন, চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি আয়শা আক্তার রুপা ও স্কুল শিক্ষক কামরুন্নাহার বিউটি।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ও নাট্যজন মো. মাইনুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী নাহিদা আফরোজ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চল হিসেবে চাঁদপুরের নদী এলাকার লোকজনের প্রাকৃতিক দুর্যোগে মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা দীর্ঘদিনের। বিশেষ করে কম-বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন চরাঞ্চলের লোকজন। দুর্যোগের সঙ্গে সংগ্রাম করা এসব লোকজন এখনো শিক্ষা ও স্বাস্থ্যসেবায় পিছিয়ে। তাদের জন্য সমাজের সব শ্রেণির লোকদের এগিয়ে আসা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, দেশের দক্ষিণাঞ্চলের সম্পদ ও উৎপাদন দেশের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। যে কারণে দুর্যোগে ক্ষতিগ্রস্ত এই অঞ্চলের লোকদের বহু বছরের দাবি হিসেবে সরকারিভাবে ‘উপকূল দিবস’-কে স্বীকৃতি দেওয়ার দাবি জানান বক্তারা।
