অটিজমে অসামান্য অবদান, দুই সম্মাননায় ইয়াশা সোবহান
নিজস্ব প্রতিবেদক
অটিজম ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ক্লাস্টার অব অ্যাচিভার্স অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াশা সোবহান। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেট ইউনিভার্সিটি থেকে ‘ডক্টর অব ফিলোসফি ইন সোশ্যাল ওয়ার্কস’ সম্মান অর্জন করেছেন।
এই অর্জন সামাজিক কল্যাণ, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিকাশ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে তার অঙ্গীকারকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরেছে।
মালয়েশিয়ার কুয়ালালামপুরের দ্য রিটজ-কার্লটন হোটেলে আয়োজিত ‘ক্লাস্টার অব অ্যাচিভার্স-২০২৬’-এর ৪৩তম আসরে ইয়াশা সোবহানকে এ সম্মাননা প্রদান করা হয়। বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা পেশাজীবী ও কৃতী ব্যক্তিদের স্বীকৃতি জানাতে আয়োজিত এ আন্তর্জাতিক অনুষ্ঠানে তার এ অর্জন বিশেষ গুরুত্ব বহন করে।
একটি শিশুর শেখা, বেড়ে ওঠা ও সমাজে নিজের জায়গা করে নেওয়ার পথ যেন বিশেষ চাহিদার কারণে থেমে না যায়—এই প্রত্যাশাকে সামনে রেখে কাজ করছে বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াশা সোবহান অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ও অন্যান্য বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, যত্ন এবং বিকাশের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
শিশুদের সক্ষমতার বিকাশ, তাদের জন্য সহায়ক পরিবেশ তৈরি এবং সমাজে তাদের স্বতন্ত্র পরিচয় ও সম্ভাবনাকে গুরুত্ব দেওয়ার বিষয়গুলো তার সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ অংশ।
ইয়াশা সোবহান সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ভাইস চেয়ারম্যান এবং বসুন্ধরা গ্রুপের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ব্যবসা উন্নয়ন ও ব্র্যান্ড নির্মাণের পাশাপাশি সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততা সমাজের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনার প্রচেষ্টাকে প্রতিফলিত করে।
