অস্ট্রেলিয়ায় যুদ্ধজাহাজ সরবরাহে জাপানের সঙ্গে ৭ বিলিয়ন ডলারের চুক্তি

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ায় যুদ্ধজাহাজ সরবরাহে জাপানের সঙ্গে ৭ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে। আঞ্চলিক নিরাপত্তা জোরদারে বড় পদক্ষেপ হিসেবে অস্ট্রেলিয়া ও জাপান এই চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছে। ২০১৪ সালে সামরিক রপ্তানি নিষেধাজ্ঞা শিথিলের পর জাপানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা রপ্তানি চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে এটি।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস এবং জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি শনিবার এক স্মারক স্বাক্ষর করেন। এতে দুই দেশের সরকার যুদ্ধজাহাজ সরবরাহ সফলভাবে সম্পন্ন করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বিশ্লেষকদের মতে, এই চুক্তি জাপানের যুদ্ধ-পরবর্তী শান্তিবাদী নীতি থেকে ধীরে ধীরে সরে এসে যুক্তরাষ্ট্রের বাইরে নিরাপত্তা জোট জোরদারের অংশ। বিশেষ করে চীনের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি মোকাবিলায় এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

জাপানের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ অস্ট্রেলিয়ার নৌবাহিনীকে তিনটি আধুনিক মোগামি-শ্রেণির বহুমুখী ফ্রিগেট সরবরাহ করবে। জাপানে নির্মিত জাহাজগুলো ২০২৯ সাল থেকে সরবরাহ শুরু করবে। এর পাশাপাশি আরো আটটি ফ্রিগেট অস্ট্রেলিয়ার ভেতরেই নির্মাণ করা হবে। প্রথম তিনটি জাহাজ জাপানে তৈরি হলেও পরবর্তীতে পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থের কাছে হেন্ডারসন শিপইয়ার্ডে স্থানীয়ভাবে জাহাজ নির্মাণ শুরু হবে। এই পদক্ষেপ অস্ট্রেলিয়ার নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করবে।

এই যুদ্ধজাহাজগুলো সাবমেরিন শনাক্ত, হামলা এবং আকাশ প্রতিরক্ষাসহ সব ক্ষেত্রেই সক্ষম হবে। ভারত ও প্রশান্ত মহাসাগরের গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ এবং দেশের উত্তরাঞ্চল রক্ষায় এগুলো ব্যবহার করবে অস্ট্রেলিয়া। সূত্র: এপি নিউজ, রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights