আইসিসিবিতে তিন প্রদর্শনী : দর্শনার্থীদের উপস্থিতিতে দিনভর প্রাণ চাঞ্চল্য

অনলাইন ডেস্ক

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) গতকাল শুক্রবার গাড়ি, কৃষি-খাদ্য প্রযুক্তি ও মেরিটাইম শিল্পসহ তিন ভিন্ন খাতের আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনগুলো ছিল ‘সুপার সেল কার বাজার’, ‘ফার্ম টু ফুড বাংলাদেশ ২০২৬’ ও ‘বিমক্স-২০২৬’ শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনী।

বিভিন্ন খাতের ব্যবসায়ী, উদ্যোক্তা ও দর্শনার্থীদের উপস্থিতিতে দিনভর প্রাণ চাঞ্চল্য ছিল আইসিসিবি প্রাঙ্গণে। এসব আয়োজনে নতুন ও ব্যবহৃত গাড়ির পাশাপাশি কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, জাহাজ নির্মাণ ও সামুদ্রিক শিল্পের আধুনিক প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে। এতে করে এক জায়গায় বিভিন্ন খাতের পণ্য ও প্রযুক্তি দেখার পাশাপাশি ব্যাবসায়িক যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে।

ষষ্ঠ সপ্তাহে ‘সুপার সেল কার বাজার’ : গতকাল ষষ্ঠ সপ্তাহে পদার্পণ করেছে ‘সুপার সেল কার বাজার’।

প্রতি শুক্রবার বসা এই বাজারে নতুন গাড়ির পাশাপাশি পুরনো গাড়ি দেখতেও ভিড় করছেন ক্রেতারা।
উইজার্ড শোবিজ ও আইসিসিবির যৌথ উদ্যোগে আয়োজিত এই বাজারে নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি কেনাবেচার সুযোগ রয়েছে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে এই আয়োজন। বাজারে প্রবেশেই চোখে পড়ে সারি সারি গাড়ি। এক পাশে নতুন গাড়ি, অন্য পাশে রিকন্ডিশন্ড গাড়ি। এর বিপরীতে রাখা হয়েছে ব্যক্তিগত ব্যবহারের পুরনো গাড়ি।

বাজারে আসা ক্রেতাদের কেউ গাড়ির মডেল ও দাম সম্পর্কে খোঁজ নিচ্ছেন, কেউ আবার একাধিক গাড়ির সুযোগ-সুবিধা তুলনা করছেন। ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন ধরনের অফার দিচ্ছেন বিক্রেতারা। বেশ কয়েকটি প্রতিষ্ঠান নতুন বৈদ্যুতিক গাড়িও এনেছে। জাপানি ও চীনা বিভিন্ন ব্র্যান্ডের বৈদ্যুতিক গাড়ি (ইভি) দেখা গেছে। পাশাপাশি রয়েছে রিকন্ডিশন্ড গাড়িও।

আইসিসিবির ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান মোল্লা জানান, গত কয়েক সপ্তাহের আয়োজন থেকে তাঁরা ভালো সাড়া পেয়েছেন। গতকাল বাজারে প্রায় ৩৫০টি গাড়ি এসেছে। আগের সপ্তাহগুলোর তুলনায় এবার ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি ও আগ্রহ বেশি ছিল।

কৃষি প্রযুক্তির ‘ফার্ম টু ফুড বাংলাদেশ’ প্রদর্শনী : আইসিসিবির গুলনকশা ও নবরাত্রি হলে চলছে তিন দিনব্যাপী কৃষি ও খাদ্য শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী ‘ফার্ম টু ফুড বাংলাদেশ ২০২৬’। গতকাল প্রদর্শনীর দ্বিতীয় দিনেও ছিল দর্শনার্থীদের ভিড়।

এখানে কৃষি উৎপাদন, খাদ্য প্রক্রিয়াকরণ, প্যাকেজিং, সংরক্ষণ ও স্মার্ট উৎপাদনব্যবস্থার

আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি প্রদর্শন করা হয়। আজ শনিবার প্রদর্শনীর শেষ দিন।

এর বিভিন্ন স্টলে কৃষি ও খাদ্য শিল্পের আধুনিক যন্ত্রপাতি, খাদ্য প্রক্রিয়াকরণ প্রযুক্তি, প্যাকেজিং সরঞ্জাম, মাংস ও দুগ্ধজাত পণ্য প্রক্রিয়াকরণ প্রযুক্তি, পশুখাদ্য, সার, কৃষি উপকরণ এবং খাদ্য সংরক্ষণের বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। গতকাল বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের দেখা যায়, তাঁরা স্টল ঘুরে ঘুরে আধুনিক কৃষি প্রযুক্তি, নতুন যন্ত্রপাতি দেখছেন এবং এ সম্পর্কে বিভিন্ন তথ্য নিচ্ছেন।

আয়োজকরা জানান, কৃষি ও খাদ্য শিল্পে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো, নিরাপদ খাদ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ ও প্যাকেজিং শিল্পের উন্নয়ন এবং কোল্ড চেইন ব্যবস্থার সম্প্রসারণ এ আয়োজনের উদ্দেশ্য। একই সঙ্গে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে প্রযুক্তি বিনিময়, ব্যাবসায়িক যোগাযোগ ও নতুন অংশীদারি তৈরির সুযোগ সৃষ্টি হচ্ছে।

প্রদর্শনীতে আর্ন প্রিমিয়াম অ্যাডিটিভ, ট্র্যাড গ্লোবাল লিমিটেড, হুনান নগিউ মেশিনারি গ্রুপ লিমিটেড, ঝিয়াং শেংকুন কিচেনওয়ার কম্পানি লিমিটেড, জিয়াং জিউলিন টেকনোলজি কম্পানি লিমিটেড, এসিআই এনিম্যাল হেলথ, এসিআই ফার্টিলাইজার, এসিআই অ্যাগ্রো বিজনেস, মেওয়া টেক সলিউশন, ফুডটেক বাংলাদেশ, ফিশটেক বিডি লিমিটেড, থার্মো কেয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। আধুনিক প্রযুক্তি নিয়ে মেরিটাইম প্রদর্শনী : আইসিসিবির পুষ্পগুচ্ছ ও নবরাত্রি হলে আধুনিক প্রযুক্তি নিয়ে মেরিটাইম ও অফশোর শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী ‘৮ম বিমক্স ২০২৬’ চলছে। গতকাল প্রদর্শনীর দ্বিতীয় দিনেও দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এতে বাংলাদেশ, নেদারল্যান্ডসসহ সাতটি দেশের ২০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড আয়োজিত তিন দিনের এই প্রদর্শনীর শেষ দিন আজ শনিবার।

প্রদর্শনীর বিভিন্ন স্টলে জাহাজ নির্মাণ ও মেরামতের যন্ত্রপাতি, নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থা, মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের সরঞ্জাম এবং অফশোর শিল্পের বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে।

আয়োজকরা জানান, প্রদর্শনীতে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ এবং আধুনিক প্রযুক্তি ও সরঞ্জামের প্রদর্শনী দর্শনার্থীদের আকৃষ্ট করছে। এর মাধ্যমে মেরিটাইম খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ ও ব্যাবসায়িক সম্পর্ক তৈরির সুযোগ হচ্ছে। প্রদর্শনীতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ওশিয়ান ইলেকট্রনিক লিমিটেড, গোল্ডেন মেরিটাইম টেকনোলজি, টিএসআই মেরিটাইম, শ্রী বাংলা বোল্ড বিল্ডার্স, অফশোর ও মেরিন ইঞ্জিনিয়ার লিমিটেড, খুলনা শিপইয়ার্ড লিমিটেড, গ্রুপ নটিকা, এসিআই মেরিন অ্যান্ড রিভারাইন টেকনোলজি লিমিটেড, শিপডাইন লিমিটেড, মেরিন হাউসসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights