আইসিসিবিতে প্রতি শুক্রবার শুরু হচ্ছে ‘সুপার সেল কার বাজার’

অনলাইন ডেস্ক

দেশের অটোমোবাইল খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন এবং ক্রেতা-বিক্রেতাদের মধ্যে কার্যকর সংযোগ তৈরির লক্ষ্যে আগামী ৪ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে শুরু হচ্ছে ‘সুপার সেল কার বাজার’।

এ উপলক্ষে বৃহস্পতিবার আইসিসিবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, দেশের শীর্ষস্থানীয় গাড়ি ও মোটরসাইকেল ব্র্যান্ড, ডিলার, আর্থিক প্রতিষ্ঠান এবং অটোমোবাইল-সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসাই এ আয়োজনের মূল লক্ষ্য।

এর মাধ্যমে ক্রেতারা নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি-মোটরসাইকেল কেনাবেচার পাশাপাশি বিভিন্ন ধরনের সেবা ও আর্থিক সুবিধা সম্পর্কে জানতে পারবেন।

আয়োজকদের মতে, দেশে অটোমোবাইলের বাজার দ্রুত সম্প্রসারিত হলেও ক্রেতা-বিক্রেতাদের জন্য নিয়মিত, সুশৃঙ্খল ও নির্ভরযোগ্য একটি প্ল্যাটফর্মের প্রয়োজন রয়েছে। ‘সুপার সেল কার বাজার’ সেই প্রয়োজন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি অটোমোবাইল ব্যবসায়ী, ক্রেতা এবং সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর যোগাযোগ বাড়াতে সহায়ক হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বারভিডার মহাসচিব রিয়াজ রহমান, ফেয়ার গ্রুপের হেড অব গ্রুপ মার্কেটিং তাসলিম কবির, বিওয়াইডি বাংলাদেশের হেড অব ক্যাটাগরি ডেভেলপমেন্ট অ্যান্ড মার্কেটিং ইমতিয়াজ নওশের, ট্রাস্ট ব্যাংক পিএলসির ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিটেইল ব্যাংকিং ডিভিশন মো. ওয়াহেদ ইবনে শাহেদ, চেরি বাংলাদেশের হেড অব সেলস আবু নাসের মাহমুদ, উইজার্ড শোবিজের চেয়ারম্যান মো. ফয়েজ উল্লাহ, সিইও আরিফুজ্জামান রাসেল এবং আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দীনসহ অটোমোবাইল খাতের বিশিষ্ট ব্যক্তিরা।

এ ছাড়া আয়োজক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন গাড়ি ও মোটরসাইকেল কমিউনিটির প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বাংলাদেশের অটোমোবাইল বাজারে ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে একটি নিয়মিত ও আধুনিক মার্কেটপ্লেসের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। ‘সুপার সেল কার বাজার’ সেই চাহিদা পূরণে একটি সময়োপযোগী উদ্যোগ।

এর মাধ্যমে ক্রেতারা এক জায়গায় বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের যানবাহন সম্পর্কে জানার এবং তুলনা করার সুযোগ পাবেন। পাশাপাশি বিক্রেতারাও সরাসরি সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছাতে পারবেন।

সংবাদ সম্মেলনে অংশ নেওয়া অটোমোবাইল বিশেষজ্ঞ এবং কার ও বাইক কমিউনিটির প্রতিনিধিরাও উদ্যোগটির প্রশংসা করেন। তারা এটিকে দেশের অটোমোবাইল ইকোসিস্টেমের জন্য একটি সম্ভাবনাময় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

আয়োজকরা জানান, ‘সুপার সেল কার বাজার’ আয়োজন করছে উইজার্ড শোবিজ এবং ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে আইসিসিবি।

প্রতি শুক্রবার অনুষ্ঠিতব্য এ আয়োজনে বিভিন্ন ব্র্যান্ড, ডিলারশিপ, আর্থিক প্রতিষ্ঠান ও অটোমোবাইল-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নেবে। পাশাপাশি ব্যক্তি মালিকানাধীন নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি এবং মোটরসাইকেল বিশেষ ছাড়ে কেনাবেচার সুযোগ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights