আইসিসিবিতে সুপার সেল কার বাজারে গাড়িপ্রেমীর ভিড়
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রতি শুক্রবার বসছে সুপার সেল কার বাজার। গত ৯ সপ্তাহের দারুণ সাড়ার পর গতকাল দশম সপ্তাহের মতো বসেছে গাড়ি কেনাবেচার এই আয়োজন। এক ছাদের নিচে নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি কেনাবেচার ব্যতিক্রমী আয়োজন ‘সুপার সেল কার বাজার’ ক্রেতা ও দর্শনার্থীদের পদচারণে জমে উঠেছে। গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই গাড়ি কেনাবেচার আসর প্রতি শুক্রবার নিয়মিতই বসছে। কোনো রকম ঝক্কিঝামেলা ছাড়াই এখানে পছন্দের বাইক কিংবা গাড়ি কিনতে পারছেন ক্রেতারা। আবার প্রয়োজনে নিজের ব্যবহৃত বাইক কিংবা চার চাকার গাড়িটিও বিক্রি করা যাচ্ছে।
উইজার্ড শোবিজ এবং আইসিসিবির যৌথ উদ্যোগে আয়োজিত এই কার বাজারে এক জায়গায় নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি কেনাবেচার সুযোগ পাচ্ছেন ক্রেতা-বিক্রেতারা। সুপার সেল কার বাজারে দেখা যায়, বাজারে প্রতি সপ্তাহে নিত্যনতুন ব্র্যান্ড যুক্ত হচ্ছে। কার বাজারে কেউ বিক্রেতার সঙ্গে দরদাম করছেন, কেউ আবার ব্যাংকের প্রতিনিধির কাছে জানতে চাইছেন গাড়ি কিনতে কত টাকা ঋণ পাওয়া যাবে। সব মিলিয়ে গাড়িপ্রেমী ও ক্রেতা-বিক্রেতাদের উৎসাহ-উদ্দীপনা ও ব্যস্ততায় প্রাণবন্ত হয়ে উঠেছে এ বাজার। দেশের বিভিন্ন স্থান থেকে বিক্রেতারা তাঁদের গাড়ি নিয়ে এখানে এসেছেন এবং বিপুলসংখ্যক ক্রেতা ও দর্শনার্থীর সমাগম ঘটেছে। আয়োজকরা জানান, সুপার সেল কার বাজারে এক ছাতার নিচে মিলছে সব ধরনের গাড়ি। সাধারণ শোরুম ঘুরে আলাদাভাবে গাড়ি দেখার বদলে ক্রেতারা একই ছাদের নিচে নতুন, পুরোনো ও রিকন্ডিশন্ড সব ধরনের গাড়ি পাচ্ছেন। এতে প্রায় ৫০টির মতো শোরুমে ঘুরে গাড়ি দেখার অভিজ্ঞতা ক্রেতারা এক জায়গায় বসেই পাচ্ছেন। আইসিসিবির ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান মোল্লা বলেন, কার বাজারে বিপুলসংখ্যক দর্শনার্থী ও ক্রেতার সাড়া মিলছে। বাংলাদেশের অটোমোবাইল বাজারে ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে নিয়মিত ও আধুনিক মার্কেটপ্লেসের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। ‘সুপার সেল কার বাজার’ সেই চাহিদা পূরণে একটি সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে ক্রেতারা এক জায়গায় বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের যানবাহন সম্পর্কে জানার এবং তুলনা করার সুযোগ পাচ্ছেন।
